এমডিআর যক্ষ্মা রোগীদের ভোগান্তির শেষ নেই
ঢাকা-ভোলা আসা-যাওয়া করতে আর ভালো লাগে না এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স) যক্ষ্মায় আক্রান্ত মাসুমা বেগমের। তবু বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। ভোলায় চিকিৎসাসেবা না থাকায় মাসুমার মতো রোগীদের প্রতি মাসে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে যেতে হয়। এতে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাসুমার বাড়ি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে। মাসুমা বলেন, লঞ্চের ডেকে করে ঢাকা যাতায়াত করলে শরীর আরও অসুস্থ হয়ে পড়ে। এ সময় খাওয়াদাওয়া ও শৌচাগার ব্যবহারে অনেক ভোগান্তি হয়। যক্ষ্মা রোগীদের প্রতিদিন যে পরিমাণ ভিটামিনযুক্ত খাবার খাওয়া দরকার, তা-ও জোটে না। দিনমজুর স্বামীর পক্ষে প্রতিদিন দুধ, ডিম বা ভিটামিনযুক্ত খাবারও জোগাড় করাও সম্ভব নয়।
মাসুমা বলেন, ‘সরকার ও ব্র্যাক সংস্থা আমগো লাইগ্যা লক্ষ লক্ষ টিয়া (টাকা) খরচ করে। হেগো উছিলায় মরণব্যাধি থেইক্যা বাঁইচ্যা উঠতে আছি ঠিকই, তয় চিকিৎসার ব্যবস্তাডা ভোলায় আইন্যা দিলে কতই-না বালা অইত! ঢাকা যাওন-আওন আর সইয্যো অয় না।’
ভোলা টিবি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডি এস এম জাকির বলেন, যক্ষ্মা রোগীদের প্রথম ছয় মাসের চিকিৎসায় কেউ অনিয়মিত ওষুধ সেবন করলে অথবা চিকিৎসা-পদ্ধতিতে ভুল হলে এমডিআর যক্ষ্মা হয়। এমডিআর রোগীর ছোঁয়ায় আরেকজনের এ রোগ হতে পারে। এ রোগ ধরা পড়লে টানা ২৪ মাস চিকিৎসাধীন থাকতে হয়। প্রথম ছয়-সাত মাস ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে এবং পরবর্তী ১৮ মাস ব্র্যাকের সেবিকার আশ্রয়ে ওষুধ সেবন করতে হয়।
ভোলায় এ পর্যন্ত ১৭ জন এমডিআর যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন দুজন রোগী।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, যক্ষ্মার দীর্ঘ চিকিৎসায় সরকার ও ব্র্যাকের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও প্রত্যেক রোগীর ৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। সংসারের একমাত্র আয়ের ব্যক্তিটি যক্ষ্মায় আক্রান্ত হলে সংসার অচল হয়ে যায়।
কয়েকজন রোগী জানান, ভোলার হাসপাতালগুলোতে যক্ষ্মা রোগের ভালো চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। জেলা ও উপজেলা শহরে চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা থাকলে ভোগান্তি থাকত না। এলাকায় শুধু প্রাথমিক কফ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তবে এমডিআর পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ভোলা জেলা ব্যবস্থাপক সুখরঞ্জন কুণ্ডু বলেন, ভোলায় মোট এক হাজার ৩৫৮ জন যক্ষ্মা রোগীর সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি তাঁদের সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এখানে ৩২০টি কফ সংগ্রহকেন্দ্র রয়েছে। কফ পরীক্ষার জন্য ১৫টি ল্যাব রয়েছে। তার পরও অনেক সমস্যা।
সচেতনতা বাড়ানো, ভোলায় জিনস্পার্ট মেশিন বসানো, সব উপজেলায় এক্স-রে মেশিন স্থাপন, দক্ষ ল্যাব টেকনিশিয়ান, সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে রোগীদের ভোগান্তি কমবে বলে জানা তিনি।
ভোলা জেলা সিভিল সার্জন ফরিদ আহাম্মদ বলেন, প্রতিটি জেলায় সব যক্ষ্মা রোগীকে ভোগান্তি কমাতে চিকিৎসাব্যবস্থা রাখা জরুরি। এতে করে যক্ষ্মায় মৃত্যুহারও কমিয়ে আনা সম্ভব হবে। ভোলায় এমডিআর চিকিৎসাসেবা দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।