বন্দরনগর চট্টগ্রামের কাজীর দেউড়ির বাসিন্দা তারা মিয়া মাছের ব্যবসা করতেন। একদিন তাঁর যক্ষ্মা ধরা পড়ে। কিছুদিন ওষুধ খাওয়ার পর ছেড়ে দেন। তবে যক্ষ্মা তাঁকে ছাড়েনি। আরও শক্ত করে ধরেছে। তারা মিয়া এখন ওষুধ প্রতিরোধী (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট-এমডিআর) যক্ষ্মায় আক্রান্ত। ওষুধের ডোজ পুরো না করে ছেড়ে দিলে এটি হয়।
ব্র্যাকের স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, গত বছরের ১২ সেপ্টেম্বর তারা মিয়ার এমডিআর যক্ষ্মা শনাক্ত হয়। সেই থেকে প্রতিদিন তাঁকে ১৪টি বড়ি খেতে হয়, সঙ্গে একটি ইনজেকশন।
১৫ মার্চ এ প্রতিবেদকের কথা হয় তারা মিয়ার সঙ্গে। গুছিয়ে কথা বলতে পারছিলেন না। স্বাস্থ্যকর্মীরা বলেছেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি কিছুটা উদ্ভ্রান্ত।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণ যক্ষ্মার রোগী ছয় মাস নিয়মিত ওষুধ সেবন করলে পুরোপুরি সুস্থ হয়। রোগী নিয়মিত ওষুধ সেবন না করলে, পুরো মেয়াদে সেবন না করলে বা ওষুধ নিম্নমানের হলে যক্ষ্মার জীবাণু ওষুধ সহনশীল হয়ে পড়ে। এটাই ওষুধ প্রতিরোধী বা এমডিআর যক্ষ্মা। প্রচলিত ওষুধে এই যক্ষ্মা ভালো হয় না। রোগীকে ২২ থেকে ২৪ মাস নতুন ওষুধ খেতে হয়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আশেক হোসেন প্রথম আলোকে বলেন, দেশে এমডিআর যক্ষ্মা রোগী চার হাজার ২০০। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সংখ্যাটি ১০ হাজার। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ জেলায় তারা মিয়ার মতো এমডিআর যক্ষ্মা রোগী আছে ১৩৯ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন এমডিআর যক্ষ্মা বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, রক্ষণশীল হিসাব মেনে নিলে দেশে এ রোগে আক্রান্তের সংখ্যা চার হাজার ২০০ জন। সরকার চিকিৎসা দিচ্ছে মাত্র ৭০০ জনের। সাড়ে তিন হাজারই চিকিৎসা পাচ্ছে না। অর্থাৎ ৮৩ শতাংশ রোগী চিকিৎসার বাইরে। তিনি বলেন, চিকিৎসার বাইরে থাকা এসব রোগী এমডিআর যক্ষ্মার জীবাণুই ছড়াচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, রোগী ঠিকমত চিহ্নিত না হওয়াই চিকিৎসার বাইরে থেকে যাওয়ার মূল কারণ।
সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদনে বলা হয়েছে, এমডিআর যক্ষ্মা বৈশ্বিক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিকে হুমকির মুখে ফেলেছে। কিছুসংখ্যক দেশে এটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পুরোনো রোগীর ২০ শতাংশ এমডিআর যক্ষ্মা রোগীতে পরিণত হয়। কিন্তু বাংলাদেশে এর হার ২৯ শতাংশ।
লাইন ডিরেক্টর আশেক হোসেন বলেছেন, জাতীয় কর্মসূচির কিছু দুর্বলতার কারণে এমন হচ্ছে। ডিফল্ট (যে রোগী মাঝপথে ওষুধ খাওয়া ছেড়েছে), রিল্যাপস (ভালো হওয়ার পর নতুন করে আক্রান্ত) ও ফেইলিওর (পূর্ণ মেয়াদে ওষুধ খেয়েছে কিন্তু ভালো হয়নি) রোগী ঠিকমতো চিহ্নিত হচ্ছে না।
জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, এমডিআর যক্ষ্মা রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসার সুযোগ সীমিত। জাতীয় কর্মসূচির দেওয়া তথ্যে দেখা যায়, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ১৫০ রোগীর চিকিৎসা চলছে। এ ছাড়া রাজশাহী (১৫০), চট্টগ্রাম (৬৪), খুলনা (৩২) ও পাবনায় (১০) বক্ষব্যাধি হাসপাতালে ২৫৬ রোগীর চিকিৎসা হচ্ছে। বাকি প্রায় ৩০০ রোগীর চিকিৎসা হচ্ছে বাড়িতে রেখে।
আশেক হোসেন বলেন, কিছুদিন আগ পর্যন্ত এমডিআর যক্ষ্মার বিষয়ে নিশ্চিত হতে তিন মাস অপেক্ষা করতে হতো। পরীক্ষাকেন্দ্র ছিল দুটো। এখন পরীক্ষা সহজ হয়েছে, দুই ঘণ্টায় নিশ্চিত হওয়া যাচ্ছে। ৩০টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। তিনি বলেন, ‘আগামী ১০ বছরে সারা দেশে ৭৭৬টি কেন্দ্র তৈরি করার কাজ চলছে।’
বর্তমানে এমডিআর যক্ষ্মার জন্য ২০ থেকে ২৪ মাসের চিকিৎসাব্যবস্থা চালু আছে। এটা পরিবর্তনের কথা বলছেন অনেকে। গ্লোবাল ফান্ডের এমডিআর যক্ষ্মা পরামর্শক এম এ হামিদ বলেন, ‘৭২০ দিন ২০টি করে বড়ি খেতে হয়। আট মাসে প্রতিদিন একটি করে ইনজেকশন নিতে হয়। এটা অত্যাচার।’
২০-২৪ মাসের পরিবর্তে নয় মাসের চিকিৎসাপদ্ধতি চালু করার প্রস্তাব করেছেন অনেকে। এম এ হামিদ বলেন, বেসরকারি প্রতিষ্ঠান ডেমিয়েন ফাউন্ডেশন নয় মাসের এই পদ্ধতিতে চিকিৎসা করছে প্রায় দুই দশক ধরে। এতে সাফল্যের হারও বেশি। তিনি জানান, বিশ্বের বেশ কয়েকটি দেশে এই পদ্ধতি চলছে।
জাতীয় কর্মসূচির আশেক হোসেন জানান, দেশের এক-তৃতীয়াংশ এলাকায় ডেমিয়েন ফাউন্ডেশন পদ্ধতিতে চিকিৎসা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদ্ধতি মেনে নিলে সারা দেশেই তা চালু করা হবে।
আজ বিশ্ব যক্ষ্মা দিবস: আজ বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ উপলক্ষে দেওয়া বাণীতে এ প্রতিরোধযোগ্য রোগটি নির্মূল করতে জোরালো বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, বিশ্বজুড়ে যক্ষ্মা রোগীদের এক-তৃতীয়াংশ চিকিৎসা পায় না।