এমডিজি অর্জনে জাপানি সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সহায়তা বাড়ানোর জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এমডিজি অর্জনে আমাদের অগ্রগতির পেছনে জাপানি সহায়তার যথেষ্ট অবদান রয়েছে।’ দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে শেখ হাসিনা জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এবং জাপানের বাজারে পূর্ণ জিএসপি সুবিধা পেতে আইন শিথিল করতে টোকিওর প্রতি আহ্বান জানান।গতকাল বুধবার টোকিওর নিউ ওতানি হোটেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লিগ আয়োজিত এক মধ্যাহ্নভোজ সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তাঁর সরকার বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সব ধরনের সন্ত্রাস ও চরমপন্থা দমনে অঙ্গীকারবদ্ধ। খবর বাসস ও ইউএনবির।জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ লাভে বাংলাদেশ সমর্থন দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থান, পরমাণু অস্ত্র বিস্তার রোধে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সমর্থন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার আমাদের পারস্পরিক আস্থার ভিত্তি হিসেবে কাজ করছে।’জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লিগের প্রেসিডেন্ট তারো আসোও অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মশিউর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ।জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাৎ: শেখ হাসিনা গতকাল জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে রাজপ্রাসাদে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ফলপ্রসূ জাপান সফর সম্পর্কে সম্রাটকে অবহিত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, জাপানের সম্রাট শেখ হাসিনার কাছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। সম্রাট আকিহিতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এসব কর্মসূচির প্রশংসা করেন। প্রবাসীদের সংবর্ধনা সভা: বাংলাদেশকে জাপানের মতো শিল্পোন্নত দেশে পরিণত করতে দেশে আরও বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল রাতে জাপানে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের জাপান শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও আলাউদ্দিন আহমেদ। দেশে বিদ্যুৎসংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিদ্যুৎ খাতকে জরুরি খাত হিসেবে ঘোষণা করেছে এবং ৩০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা আরও ১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও পদক্ষেপ গ্রহণ করেছি।’আজ ফিরছেন প্রধানমন্ত্রী: রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। জাপানের সময় আজ বেলা পৌনে ১১টায় টোকিও থেকে তাঁর রওনা দেওয়ার কথা। সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।