এমডিজি অর্জনে প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বিশ্ববাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধনী দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, উত্তর এবং মধ্য এশীয় দেশগুলোর সাংসদ ও এমডিজি ত্বরান্বিতকরণ ও ২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসূচিবিষয়ক সিএসও ফোরাম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা ধনী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্দেশে বলেন, ‘আসুন ২০০০ সালে বিশ্ববাসীর কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আরও মনোযোগী হই এবং মানুষের মর্যাদা রক্ষা করি।’জাতীয় সংসদের স্পিকার এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কমিশনের (এপিপিজি) চেয়ারম্যান আবদুল হামিদ দুই দিনব্যাপী ফোরামের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ জাতীয় সংসদ ও এপিপিজি যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, অ্যাসোসিয়েশন ফর পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (এএফপিপিডি) প্রতিনিধি দামিরা নিয়াজালিয়েভা, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইনের গ্লোবাল ডিরেক্টর করিন উডস এবং এপিপিজির মহাসচিব শিশির শীল বক্তৃতা করেন।