এমডিজি অর্জনে বাংলাদেশ 'খুব ভালো করছে'
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ ‘খুব ভালো করছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউএনএইডসের সমন্বয়ক লিও কেনি।
আগামী ২৪ অক্টোবর জাতিসংঘ দিবসকে কেন্দ্র করে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এমডিজি বিষয়ে গণসচেতনতা তৈরি করতে ইউএনএইডস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিভাগীয় শহরগুলোতে সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।
আলোচনায় অংশ নিয়ে লিও কেনি বলেন, এমডিজি গোলের সবগুলোতেই বাংলাদেশ খুব ভালো করছে। তবে দেশে এইডসের প্রাদুর্ভাব আরও কমানো যেত। তিনি বলেন, ৭০ শতাংশ আক্রান্ত ব্যক্তি রক্ত পরীক্ষা না করানোর কারণে জানেনই না যে তাঁরা এইচআইভিতে ভুগছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যদের মধ্যে এইচআইভি এইডস অ্যান্ড এসটিডি অ্যালায়েন্স অব বাংলাদেশের (হাসাব) লিংক আপ ডিরেক্টর ড. নাজমুস শাহার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন।