সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সহায়তা দিতে উন্নত দেশগুলোর কাছে জোর দাবি জানানোর ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ২০১৫ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত বিশ্ব অঙ্গীকার করেছিল, এই লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দেবে। কিন্তু তারা তাদের সেই অঙ্গীকার রক্ষা করেনি। এমডিজি অর্জনে সম্মিলিত প্রয়াস জরুরি উল্লেখ করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এ লক্ষ্য অর্জনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত এমডিজির আটটি লক্ষ্য বিষয়ে চিত্রাঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এমডিজির ১০ বছর পূর্তি উপলক্ষে ‘এমডিজি বাস্তবায়নে জেগে ওঠো, আওয়াজ তোলো’ স্লোগান নিয়ে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এমডিজি বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের জন্য তা ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে এবং তা ভবিষ্যতে সরকারঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য একটি মাধ্যম বা উন্নয়নের ধাপ হিসেবে ব্যবহূত হতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক রফিকুন নবী, সাংসদ ফজলে হোসেন বাদশা, সামশুল হক চৌধুরী, মাহবুব আরা বেগম প্রমুখ।প্রসঙ্গত, অধিকতর শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০০০ সালের ৬ থেকে ৯ সেপ্টেম্বর পৃথিবীর ১৪৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ মোট ১৮৯টি দেশ জাতিসংঘ সদর দপ্তরে সহস্রাব্দ ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণাপত্রে প্রতিটি জাতির জন্য উন্নয়ন এবং সমগ্র বিশ্বের মানবগোষ্ঠীকে অভাবমুক্ত করার অঙ্গীকার করা হয়। পরে ২০০০ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৫তম অধিবেশনে সব সদস্যরাষ্ট্র একমত হয়ে আটটি লক্ষ্য স্থির করে, যা এমডিজি নামে পরিচিত।