এমডিজি নিয়ে ইউনিসেফ-বিবিএসের জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও শিক্ষাসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) এবং কক্সবাজার ও সুনামগঞ্জ জেলা পিছিয়ে আছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এসব জেলা বৈষম্যের শিকার।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) শীর্ষক জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ২০০৯ সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৬৪ জেলায় ও ৪৮১টি উপজেলায় এ জরিপ করা হয়। মোট তিন লাখ খানার সাক্ষাত্কারের ভিত্তিতে এ জরিপ করা হয়। অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন বিবিএসের প্রকল্প পরিচালক শামসুল আলম। প্রতিবেদনে বলা হয়, শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি শেরপুর জেলায়। এই জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার এক হাজার জীবিত জন্মে ১০২। জন্মের সময় দক্ষ ধাত্রীর উপস্থিতির ক্ষেত্রেও বৈষম্য লক্ষ করা যায়। বান্দরবানে শিশুর জন্মের সময় দক্ষ ধাত্রীর উপস্থিতি মাত্র ৮ শতাংশ। অথচ মেহেরপুরে এ হার ৬১ শতাংশ।প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হারের ক্ষেত্রেও পিছিয়ে আছে বান্দরবান। এই জেলায় উপস্থিতির হার প্রায় ৬১ শতাংশ। এ ক্ষেত্রে জাতীয় গড় ৮১ দশমিক ৩ শতাংশ। মেহেরপুরে এ উপস্থিতির হার ৯১ শতাংশ।জরিপে আরও বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি সাধন করেছে। ২০০৬ সালে শিশু জন্মনিবন্ধনের হার ছিল ১০ শতাংশ। বর্তমানে এ হার বেড়ে ৫৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এ দেশ লিঙ্গ-সমতা অর্জন করলেও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তা অর্জন করতে পারেনি।অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। এই কাজে অগ্রাধিকার নির্ধারণে সমন্বিত তথ্য-উপাত্ত দরকার। তিনি বলেন, এ জরিপ তথ্য-উপাত্তের অভাব পূরণ করবে।অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রধান ক্যারেল ডি রয় বলেন, সর্বস্তরে এমডিজির অগ্রগতি পরিমাপের জন্য এ জরিপ সরকারকে একটি শক্ত ভিত্তি দিয়েছে। তিনি বলেন, সবচেয়ে বঞ্চিত এলাকাগুলোর জন্য কর্মসূচি গ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।