এমডিজি পদক পাওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাব
দাঁড়িয়ে করতালি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান ও অভিনন্দন জানিয়েছেন সাংসদেরা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে অভাবিত সাফল্যের জন্য জাতিসংঘের পদক পাওয়ায় জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার একপর্যায়ে সাংসদেরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে সাংসদদের সঙ্গে হাততালি দেন।সংসদে আলোচনার একপর্যায়ে জাসদের মইনউদ্দিন খান বাদলের প্রস্তাবে সাংসদেরা এভাবে দাঁড়িয়ে অভিনন্দন জানান। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এভাবে কোনো অর্জনের জন্য দাঁড়িয়ে সম্মান জানানোর ঘটনা এটি প্রথম। স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, এটি প্রথম হলেও এ ধরনের অভিনন্দন জানানো খুবই ইতিবাচক। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সন্ধ্যায় সরকারি দলের সাংসদ অপু উকিল কার্যপ্রণালী বিধির ১৪৭ অনুচ্ছেদ অনুসারে ধন্যবাদ প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। প্রায় দুই ঘণ্টার আলোচনায় অধিকাংশ সময়ই প্রধানমন্ত্রী সংসদকক্ষে উপস্থিত ছিলেন। ২৫ জন সাংসদ এ আলোচনায় অংশ নেন।আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের মানুষ ভালো থাকে। শেখ হাসিনা এ দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে ক্ষমতায় এসেছেন।তোফায়েল আহমেদ বলেন, কর্মসংস্থান, বাসস্থানসহ আটটি লক্ষ্য নিয়ে এমডিজি। প্রতিটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে। এটাই প্রধানমন্ত্রীর নেতৃত্বের সাফল্য।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশ্বের কাছে ক্ষুধা, দারিদ্র্য, হরতালের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রও বলা হয়েছে। এ অবস্থায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এমডিজি পদক বাংলাদেশকে নতুন ভাবমূর্তি এনে দিয়েছে।আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। সেটাই শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার বলেন, শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন। জাতি হিসেবে এতে দেশবাসী অনুপ্রাণিত হয়েছে। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের নাজমা আক্তার, তানভীর শাকিল, রওশন জাহান, জুনায়েদ আহমেদ, মমতাজ বেগম, আবদুল মান্নান, বেগম মমতাজ, তাজুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, মেহের আফরোজ, নুরুল ইসলাম, ইসরাফিল আলম, তারানা হালিম, শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মুজিবুর রহমান।