জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে (এমডিজি) স্বাস্থ্য খাতের অগ্রগতি বেশ ভালো। অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ অনেকগুলো লক্ষ্য পূরণ হবে।
স্বাস্থ্যসহ আরও কয়েকটি খাতের লক্ষ্য ঠিক করে ২০১৫ সালের মধ্যে তা পূরণে ২০০০ সালে ঘোষণা করা হয় এমডিজি। এ বছর শেষ হবে শেষ সময়সীমা।
১৯৪টি দেশের স্বাস্থ্য খাতের চিত্র পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান’ নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত থাকলে এইচআইভি মহামারি, ম্যালেরিয়া ও যক্ষ্মা নিয়ন্ত্রণ এবং সুপেয় পানির প্রাপ্যতার লক্ষ্য পূরণ হবে। এ ছাড়া শিশুর অপুষ্টি, মাতৃ ও শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানার সুবিধা আরও বাড়বে।
প্রতিবেদন মতে, ১৯৯০ সালে বাংলাদেশে গড় আয়ু ছিল ৬০ বছর। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর। মাতৃমৃত্যুর হার ১৯৯০ সালে ছিল প্রতি ১০ হাজারে ৫৫০ জন। ২০০০ সালে তা কমে দাঁড়ায় ৩৪০ এবং ২০১৩ সালে ১৭০।
বাংলাদেশের প্রতি ১০০ মানুষের ৬৮ জন ১৯৯০ সালে সুপেয় পানি পেত। ২০০০ সালে সেই সুযোগ বেড়ে ৭৬ এবং ২০১৩ সালে ৮৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০০০ সালে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৬ শতাংশ ব্যয় হতো স্বাস্থ্য খাতে। ২০১৩ সালে এসে এ খাতে জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ ব্যয় হচ্ছে।