সাক্ষাৎকারে জাতিসংঘের সহকারী প্রশাসক
এমডিজি লক্ষ্য পূরণে বাংলাদেশ আত্মতুষ্টিতে ভুগছে মনে হয়নি

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) অনেকগুলোতেই বাংলাদেশ সাফল্য পেলেও কয়েকটি লক্ষ্য এখনো পূরণ হয়নি৷ তবে এমডিজির অবশিষ্ট লক্ষ্যগুলো অর্জনে মনোযোগী থাকার পাশাপাশি ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যের ব্যাপারে এ দেশের ঐকান্তিক প্রয়াস রয়েছে। এ থেকেই স্পষ্ট যে এমডিজির ক্ষেত্রে আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ।
জাতিসংঘের সহকারী প্রশাসক এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তরের পরিচালক হাউলিয়াং জু গত মঙ্গলবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
পাঁচ দিনের সফরে ১৭ মে জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বাংলাদেশে আসেন। তিনি নোয়াখালীর হাতিয়া ও খুলনার দাকোপে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে ক্ষমতায়ন প্রক্রিয়ার পাশাপাশি ঢাকায় নাগরিক দারিদ্র্য মোকাবিলার কর্মসূচি দেখেন৷
রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদকের সঙ্গে আলাপে জাতিসংঘের জ্যেষ্ঠ এই কর্মকর্তা জানান, ১৫ বছরের ব্যবধানে তিনি বাংলাদেশে এলেন। মাঝখানের সময়টাতে এ দেশের ব্যাপক পরিবর্তন তাঁকে অবাক করেছে।
হাউলিয়াং জু বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া কীভাবে এগোচ্ছে, তা দেখতে ও বুঝতেই এখানে এসেছি। এ সফরের সময় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজে গিয়ে মাঠপর্যায়ে অনেক কর্মসূচি ঘুরে দেখেছি। এখানকার উন্নয়ন তৎপরতা আমাকে উদ্দীপ্ত করেছে।’
স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করছে জাতিসংঘ। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ব সংস্থাটির এই কর্মকর্তা বলেন, ‘গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, জনগণের সেবা নিশ্চিত করা এর অংশ। তবে ইউনিয়ন পরিষদই শুধু নয়, উপজেলা পর্যায়ে কাজ করার ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে।’
এমডিজির বিভিন্ন লক্ষ্য নির্ধারিত সময়ের আগে পূরণ হলেও কয়েকটি লক্ষ্য পূরণ হয়নি। এ বিষয়ে বাংলাদেশের পরিস্থিতিকে জাতিসংঘ কীভাবে মূল্যায়ন করে জানতে চাইলে হাউলিয়াং জু বলেন, চূড়ান্ত সময়সীমা অনুযায়ী আরও দুই বছর বািক৷ যে লক্ষ্যগুলো এখনো বাংলাদেশ পূরণ করেনি, সে ক্ষেত্রে এ সময়টাকে আমার পর্যাপ্ত মনে হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এমডিজি অর্জনের পর উন্নয়নের শর্ত পূরণের লক্ষ্য শেষ হয়েছে, এটা মনে করে কেউ আত্মতুষ্টিতে ভুগছে কি না।
বাংলাদেশ আত্মতুষ্টিতে ভুগছে বলে তিনি মনে করছেন কি না, জানতে চাইলে হাউলিয়াং জু বলেন, ‘আমার কখনো তা মনে হয়নি, বরং আমি লক্ষ করেছি, অন্য কোনো দেশের চেয়ে এমডিজি-পরবর্তী অর্থাৎ ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে অনেক বেিশ ঐকান্তিকভাবে কাজ করছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এতেই স্পষ্ট যে বাংলাদেশ আত্মতুষ্টিতে ভুগছে না।’
উন্নত বিশ্ব বাংলাদেশের মতো দেশগুলোকে পরিবেশ বিপর্যয় রোধের শর্ত পূরণে যে চাপ দেয়, তা একধরনের নিয়ন্ত্রণপ্রবণতা কি না, জানতে চাইলে হাউলিয়াং জু ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলার সামর্থ্য বাড়াতেই এটি প্রয়োজন। উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে নিয়েই টেকসই হতে হবে।