জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি-১ অর্জনে, তথা চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দারিদ্র্যবিরোধী আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইডের দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলের সূচকে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি অ্যাকশন এইডের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সূচকে ব্রাজিল, চীন, ঘানা, মালাবি ও ভিয়েতনাম প্রথম দিকে রয়েছে। খবর বাসস ও ইউএনবির।জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন শুরুর প্রাক্কালে ‘হু ইজ রিয়েলি ফাইটিং হাঙ্গার-২০১০’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করল অ্যাকশন এইড। নিউইয়র্কে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতারা এমডিজির অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।সূচকে বাংলাদেশের ইতিবাচক উন্নতি হয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশে ৩৬ শতাংশ মানুষ ক্ষুধাপীড়িত ছিল। এখন তা ২৬ শতাংশে নেমে এসেছে। তবে অ্যাকশন এইডের প্রতিবেদনে এ কথাও বলা হয়, লক্ষ্য অর্জনে বাংলাদেশ সঠিক পথে থাকলেও খাদ্য ও অর্থনৈতিক মন্দার কারণে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে।এমডিজি অর্জনের পথে বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকলেও দেশটিতে দারিদ্র্য রয়ে যাচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অংশ বছরের একটি নির্দিষ্ট সময় এখনো মঙ্গাপীড়িত হয়। দেশটিতে এখনো সাড়ে ছয় কোটির বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশুর ওজন কমার হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ খাদ্য উৎপাদনে প্রায় স্বনির্ভর হয়ে উঠেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশটিতে প্রতি বছর ৩ দশমিক ৯ শতাংশ চাল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।স্কোর কার্ড অনুযায়ী পাকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সিয়েরালিয়ন ও বুরুন্ডির মতো দরিদ্র দেশগুলোও দারুণ উন্নতি করেছে। বিপরীতে বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ভারতে মোট জনসংখ্যার প্রতি পাঁচজনের মধ্যে একজন ক্ষুধার্ত থাকে। আর অপুষ্টির শিকার মোট শিশুর প্রায় অর্ধেক।অ্যাকশন এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা জোয়ান্না খের বলেন, ক্ষুধাকে উপেক্ষা করার চেয়ে এর বিরুদ্ধে লড়াই করা এখন ১০ গুণ বেশি সহজ। সরকার এখন থেকে এটা না করলে ২০১৫ সালের মধ্যে ১০ লাখেরও বেশি শিশু মারা যাবে। আগামী ১০ বছরে আফ্রিকার অর্ধেকেরও বেশি শিশু পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত হবে।