এমডিজি-৭ কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমডিজি-৭ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা অর্জনে আন্তসরকার আলোচনার জন্য রাজনৈতিক পটভূমি তৈরিতে বৈশ্বিক প্রচেষ্টার অগ্রভাগে থাকবে।প্রধানমন্ত্রী গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ‘স্পেশাল ইভেন্ট টু ফলোআপ অ্যাফোর্টস মেড টুওয়ার্ডস অ্যাচিভিং দ্য এমডিজি’ শীর্ষক অধিবেশনে এ কথা বলেন। শেখ হাসিনা আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ইয়ামন গিলমোরের সঙ্গে এই অধিবেশনে কো-চেয়ারম্যান ছিলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, এমডিজি-৭ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ ইতিমধ্যে এমডিজি-১, এমডিজি-২, এমডিজি-৩, এমডিজি-৪, এমডিজি-৫ এবং এমডিজি-৬ পূরণ করেছে অথবা পূরণ করার পথে রয়েছে।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি নিম্নাঞ্চলের উপকূলীয় রাষ্ট্র। এ দেশ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে। তাই বাংলাদেশের পক্ষে এমডিজি-৭ অর্জন খুবই কঠিন। তিনি আরও বলেন, ‘আমাদের প্রশমন ও অভিযোজন নীতির আলোকে আমাদের সরকার ১৩৪ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, আমাদের প্রতি ইতিবাচক সাড়া দেওয়া।’ ২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ঐতিহাসিক সহস্রাব্দ ঘোষণার সঙ্গে তাঁর যুক্ত থাকার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সে সময় আমি এখানে উপস্থিত ছিলাম। আমি একটি উন্নয়ন রূপকল্প দিই এবং ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য, ক্ষুধা ও অসমতা দূরীকরণের লক্ষ্য নির্ধারণ করি।’

 প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দা সত্ত্বেও সরকারের নীতির কারণে দেশে গড় জিডিপি স্থিতিশীল থাকে। আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৪ শতাংশের কাছাকাছি। মাত্র দুই দশকের মধ্যে দারিদ্র্যের হার ৫৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে।’

টেকসই উন্নয়ন বজায় রাখতে দূরদর্শী হতে হবে: এর আগে গত মঙ্গলবার ‘নেতৃবৃন্দের সংলাপ: শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ফোরাম-দূরদর্শিতার বাস্তবায়ন’ শীর্ষক রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন রোধের মাধ্যমে বিশ্বের টেকসই উন্নয়ন বজায় রাখতে ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি এবং ২০২০ সালের পরও একটি আইনি কাঠামোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশ্বনেতাদের অবশ্যই দূরদর্শিতার পরিচয় দিতে হবে।

এই ফোরাম টেকসই উন্নয়ন শীর্ষক কমিশনের সক্ষমতা, অভিজ্ঞতা, সম্পদ এবং আন্তসহযোগিতা রূপরেখা তৈরিতে রিও প্লাস ২০-এর ম্যান্ডেটের ভিত্তিতে গঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের অগ্রভাগে রয়েছে। বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। দেশটিতে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বেড়ে যাবে। এতে দেশটির এক-পঞ্চমাংশ তলিয়ে যাবে এবং তিন কোটি মানুষ জলবায়ুর বিরূপ প্রভাবে উদ্বাস্তু হবে।

২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় সমর্থন কামনা: একই দিন প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি জোহান ডব্লিউ অ্যাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে চলতি বছর সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত একটি প্রস্তাবে সমর্থন কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে অন্যান্য প্রকল্পের সঙ্গে বাংলাদেশে কাতারের এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।