এমডিজিতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন গতকাল শনিবার জানিয়েছেন, বাংলাদেশের দরিদ্রতম ও প্রান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সহায়তা হলো, ব্রিটেন ও বাংলাদেশের মানুষের মধ্যে অংশীদারি।’ খবর এউএনবির।
রবার্ট গিবসন আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ও প্রান্তবর্তী মানুষের জন্য আমাদের দেওয়া সহায়তা অব্যাহত থাকবে।’
তবে এর আগে ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে দেওয়া উন্নয়ন-সহায়তার বিষয়টি নতুন করে মূল্যায়ন করছে যুক্তরাজ্য সরকার।
এ বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ হাইকমিশনার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে যুক্তরাজ্য কীভাবে নেবে, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।
ব্রিটিশ উন্নয়ন-সহায়তা পাওয়া দেশের তালিকায় অর্থের হিসাবে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ। ২০১৩-১৪ অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশ পেয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ব্রিটিশ পাউন্ড। ২০১৪-১৫ অর্থবছরে ২৬ কোটি ৫০ লাখ পাউন্ড পাওয়ার কথা আছে। এই অর্থের বড় অংশ দেশটি সরাসরি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংস্থাকে (এনজিও) দিলেও প্রায় ৩০ শতাংশ সরাসরি আসে বাংলদেশ সরকারের হাতে।