এমডিজিতে সুশাসনকে অন্তর্ভুক্তির সুপারিশ করে ঢাকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পরবর্তী কর্মসূচিতে ‘সুশাসনকে’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে ‘দক্ষিণ এশিয়ায় সুশাসন ও জনসেবার রূপান্তর’বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে। ঢাকায় অনুষ্ঠিত এ সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে।তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) ও দক্ষিণ এশীয় অঞ্চলের অ্যাফিলিয়েটেড নেটওয়ার্ক ফর স্যোশাল অ্যাকাউন্টিবিলিটি (এএনএসএ)। সম্মেলন শেষে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিএসের পরিচালক রেজওয়ান খায়ের বলেন, বর্তমানে এমডিজিতে সুশাসনের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। ২০১০ সালে প্রয়োজনের তাগিদে অনানুষ্ঠানিকভাবে এমডিজিতে সুশাসন অন্তর্ভুক্ত করা হয়। এই এমডিজির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে সুশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তী এমডিজিতে সুশাসনকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।রেজওয়ান খায়ের জানান, পরবর্তী এমডিজিতে সুশাসন কী রূপ নেবে এবং সুশাসন বিষয়ে কী করণীয়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। কারণ, তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য সুশাসন ছাড়া এমডিজি অর্থহীন হয়ে যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হলেও সুশাসনে বাংলাদেশ পিছিয়ে। এএনএসএর কর্মসূচি ব্যবস্থাপক নুজহাত জাবিন বলেন, তথ্য অধিকার সুশাসনের অন্যতম শর্ত, যে কারণে সম্মেলনে প্রশাসনের জাবাবদিহি এবং তথ্য অধিকার আইন গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্মেলনে দেশ ও বিদেশের ৮৫ জন গবেষক, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন। বিষয়গুলো হলো: গণতন্ত্র, নাগরিকত্ব, প্রশাসন পরিচালন পদ্ধতি, সরকারের ন্যায়পরায়ণতার নকশা, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যবসায় সম্পর্ক ইত্যাদি। ঢাকা ঘোষণা জাতিসংঘের সুশাসন ও উন্নয়নবিষয়ক চলমান আলোচনা এবং ২০১৫-এর পরের এমডিজির পরিকল্পনাকে প্রভাবিত করবে।আরও জানানো হয়, ঢাকা ঘোষণা নিয়ে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সর্বদলীয় সংসদীয় গ্রুপের ৬০ জন সাংসদ, নাগরিক সমাজের ৪০ জন প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার ৩০ জন সদস্য আলোচনা করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ এই আলোচনার আয়োজন করেছে। স্পিকার আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ মিলেনিয়াম ক্যাম্পেইন কর্মসূচির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক মিনার পিম্পল, ভারতের পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের পরিচালক আর সুরেশ এবং এএনএসএর প্রধান পরিচালন কর্মকর্তা নাইমুর রহমান।