চট্টগ্রামের আনোয়ারায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব.) হাসান নাছিরের অপসারণসহ আট দফা দাবিতে সমাবেশ করেছে আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কেইপিজেডের এক নম্বর ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তবে এ আন্দোলনকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন হাসান নাছির। তিনি প্রথম আলোকে বলেন, একটি গোষ্ঠী কেইপিজেডকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ওই গোষ্ঠীকে অনৈতিক সুবিধা না দেওয়ায় তারা আন্দোলন করছে। যেসব কর্মী অনিয়ম করেছেন শুধু তাঁদেরই চাকরিচ্যুত করা হয়েছে। কিছু মানুষ কেইপিজেডের জায়গা দখল করতে চাইছে।
সমতল ও পাহাড়ি ভূমিসহ কেইপিজেডের অধীনে ২ হাজার ৪৯২ একর জমি রয়েছে।
কেইপিজেড থেকে সম্প্রতি চাকরিচ্যুত ১৬ নিরাপত্তাকর্মী গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাঁদের চাকরিতে পুনর্বহাল, কেইপিজেডের ভেতর দিয়ে এলাকাবাসীর চলাচল, স্থানীয় লোকজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, এর আগে চাকরিচ্যুত কর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়াসহ আট দফা দাবিতে এ সমাবেশ করে আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
সমাবেশে আজ সোমবার থেকে কেইপিজেডের তিনটি ফটকে আগামী এক সপ্তাহ অবরোধের ঘোষণা দেওয়া হয়। কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যাতে কর্মস্থলে আসতে না পারেন সে জন্যই এ অবরোধ দেওয়া হয়েছে বলে সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন।
সংগ্রাম কমিটির আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী দাবি করেন, ১৬ বছরে কেইপিজেডে শিল্পায়ন বলতে তেমন কিছুই হয়নি। যখন-তখন কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। তিনি বলেন, সাত দিনের মধ্যে ব্যবস্থাপনা পরিচালককে অপসারণসহ আট দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তৌহিদুল হক চৌধুরী বলেন, আনোয়ারা-কর্ণফুলীবাসী কেইপিজেডের দ্রুত বাস্তবায়ন চায়। কেউ এর বিরোধিতা করছে না।
গতকাল সমাবেশের সময় প্রধান ফটক দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। কর্মসূচি চলাকালে প্রধান ফটকের পাশে নিরাপত্তাচৌকিতে ঢুকে পড়েন সমাবেশে আসা লোকজন। সমাবেশে অন্তত ২০০ লোক উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে প্রধান ফটক এবং কেইপিজেডের ভেতরে পুলিশ মোতায়েন ছিল।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক আরিফুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য তিন প্লাটুন পুলিশ ছিল কেইপিজেড এলাকায়। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যান।