এমডির কার্যালয় ঘেরাও শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১৭ জন শ্রমিকের পদ বিলুপ্তির প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় ঘেরাও করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ওয়াসার কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন।
ওয়াসা সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরের দামপাড়ায় ওয়াসা ভবনের দোতলায় এমডি এ কে এম ফজলুল্লাহর কার্যালয় ঘেরাও করেন শ্রমিকেরা। এ সময় এমডি তাঁর কার্যালয়ে ছিলেন। পরে শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী ওয়াসা কর্তৃপক্ষ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১৭ জন শ্রমিকের পদ বিলুপ্তির ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা এমডির কার্যালয় তিন ঘণ্টা ঘেরাও করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা কর্মসূচি তুলে নেন।
জানতে চাইলে ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক ও জাইকা চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীদের ওপর জরিপ চালাচ্ছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানে কার কী কাজ এবং কতজন কর্মকর্তা ও কর্মীর প্রয়োজন সে বিষয়ে তালিকা তৈরি করা হচ্ছে। তবে পুরোনো কোনো কর্মীর চাকরি যাবে না।