এমডির নিয়োগ নিয়ে 'বিব্রত' ওয়াসা বোর্ড
ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পুনর্নিয়োগ নিয়ে ‘বিব্রত’ ওয়াসা বোর্ড। ‘এমডি পুনর্নিয়োগ’ আলোচ্যসূচি নিয়ে গত বছরের ৭ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে অনুষ্ঠিত বোর্ডসভার কার্যবিবরণীতে এ তথ্য দেওয়া আছে।
ওয়াসার এমডির নতুন নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এর শুনানির পর আদালত ২১ জানুয়ারি রুল জারি করেছেন। স্থানীয় সরকারসচিব, ওয়াসার চেয়ারম্যান, ওয়াসার সচিবসহ ছয়জনকে এমডি নিয়োগ কেন অবৈধ হবে না তার জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওয়াসার এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহর সই করা সভার কার্যবিবরণীতে বলা হয়, ‘গত ১ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের ২১০তম সভায় সংস্থার এমডি পদে পুনর্নিয়োগের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী দেশে ফিরে না আসা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ইস্যু করা একটি পত্রে জানানো হয়, বোর্ডের ১৯৮তম সভার সুপারিশ অনুযায়ী, বর্তমানে কর্মরত এমডি তাকসিম এ খানকে আরও দুই বছরের জন্য নিয়োগে সরকারের অনুমোদন জ্ঞাপন করা হলো।’
সভার ওই কার্যবিবরণীতে আরও বলা হয়, বোর্ডের সর্বশেষ সভায় সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তকে আমলে না নিয়ে প্রায় এক বছর আগের ১৯৮তম বোর্ড সভার সুপারিশের ভিত্তিতে ওই পুনর্নিয়োগ দেওয়া হয়। এটা ওয়াসা বোর্ডের ১৯৯৬ সালের ৬ নম্বর আইনের ২৮(১) ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জানতে চাইলে মোহাম্মদ রহমতুল্লাহ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘পুরো বিষয়টি আমাদের (বোর্ডের) অজানা। আমাদের সিদ্ধান্ত ছিল, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৭ সেপ্টেম্বর বিদেশ থেকে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু হঠাৎ করেই ৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবের সই করা একটি চিঠির মাধ্যমে আমরা জানতে পারি, এমডি নিয়োগ হয়ে গেছে।’
নিয়ম হলো, এমডি নিয়োগের সুপারিশ করে ওয়াসা বোর্ড। আর সরকার তা অনুমোদন করে।
প্রথম দফায় ২০০৯ সালের ১৪ অক্টোবর তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান। ২০১২ সালে মেয়াদ শেষে ১৯৮তম বোর্ড সভায় তাঁকে ওই পদে পুনর্নিয়োগের সুপারিশ করা হয়। ওই সুপারিশের ভিত্তিতে ওই বছরের ১৫ অক্টোবর তাঁকে আবার এক বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়। এবার ২১০তম সভায় বোর্ড মন্ত্রী বিদেশ থেকে আসা পর্যন্ত এমডি নিয়োগের বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ১৯৮তম সভার সুপারিশ দ্বিতীয়বারের মতো ব্যবহার করে মন্ত্রণালয় তাঁকে তৃতীয় দফা নিয়োগ দেয়। বোর্ড ওই সুপারিশকে তামাদি বলে উল্লেখ করেছে।
ওয়াসা বোর্ডের সভায় এমডি নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করা হয় গত বছরের ১ সেপ্টেম্বর। কিন্তু এর তিন দিন আগে ২৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগের তখনকার সচিব আবু আলম মো. শহিদ খান সই করে প্রধানমন্ত্রীর জন্য একটি সারসংক্ষেপ পাঠান। তাতে বলা হয়, ‘ওয়াসা বোর্ড নতুন করে এমডি নিয়োগের কোনো প্রক্রিয়া শুরু করেনি। ফলে বর্তমান এমডির অবশিষ্ট সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একজন এমডি নিয়োগ করা সম্ভব হবে না।...নিয়মিত এমডি না থাকলে ঢাকা ওয়াসায় চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রাত্যহিক বিষয়াদি সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই ১৯৮তম সভার সুপারিশ অনুযায়ী তাকসিম এ খানকে স্বীয় পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ এক বছরের পরবর্তী/অবশিষ্ট দুই বছরের জন্য নিয়োগের বিষয়ে বিবেচনা করা যুক্তিসংগত হবে।’
গত বছরের ৫ সেপ্টেম্বর তাকসিম এ খানের নিয়োগের চিঠি স্বাক্ষর হয়। ওই দিনই প্রজ্ঞাপন জারি করা হয়। আর তখনকার স্থানীয় সরকারমন্ত্রী দেশে আসেন ৭ সেপ্টেম্বর।
প্রাপ্ত নথিতে দেখা যায়, এমডির সঙ্গে ওয়াসা বোর্ডের নিয়োগ চুক্তি সই করেছেন বোর্ডের সচিব কাজী ওয়াছি উদ্দিন। নাম প্রকাশ না করার শর্তে ওয়াসা বোর্ডের এক সদস্য প্রথম আলোকে জানান, বোর্ডের নির্দেশ ছাড়া কখনোই সচিব কোনো চুক্তি করতে পারেন না। বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের না জানিয়ে সচিব কাজী ওয়াছি উদ্দিন এমডি নিয়োগের চুক্তিপত্র তৈরি ও সই করেছেন।
জানতে চাইলে কাজী ওয়াছি উদ্দিন দাবি করেন, বোর্ডের চেয়ারম্যানের অনুমোদন নিয়েই তিনি সব করেছেন।
কিন্তু বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, পুরো বিষয়টিই তাঁর অজানা।
ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত পাশ কাটিয়ে এবং বোর্ডের পুরোনো সুপারিশকে দ্বিতীয়বার ব্যবহার করে এমডি পুনর্নিয়োগের বিষয়ে জানতে তখনকার সচিব আবু আলম মো. শহিদ খানের বক্তব্য জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।
রুলের বিষয়ে জানতে চাইলে বর্তমান ভারপ্রাপ্ত স্থানীয় সরকারসচিব গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’