এমডির বিদেশ সফর তাই ভূরিভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন টার্মিনালের সহকারী মহাব্যবস্থাপক এম এ বাশার। সেখানে গতকাল মঙ্গলবার দুপুরে ৪৫০ জন লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানের কানাডা ভ্রমণ উপলক্ষে এই ভূরিভোজের আয়োজন করা হয় বলে যমুনার সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। তবে এম এ বাশার দাবি করেন, তাঁদের এক সহকর্মীর মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের পাশাপাশি এ আয়োজন করা হয়।যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৩০ হাজার টাকা দিয়ে গরু কেনা হয়। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। খরচের জোগান দিয়েছেন এম এ বাশার। আতপ চাল দিয়ে আকনি পোলাও (মাংস ও চালের মিশ্রণ ঘটিয়ে রান্না) করে যমুনার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৩০০ প্যাকেট বিলি করা হয়। আরও ১৬৫টি প্যাকেট বিলি করা হয় এতিমখানায়। যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের তিন সপ্তাহের বিদেশ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে গতকাল পতেঙ্গার গুপ্তখাল এলাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৭ মে থেকে ১৭ জুন পর্যন্ত মিজানুরের কানাডা সফরের কথা রয়েছে। গতকাল ভূরিভোজের সময় ব্যবস্থাপনা পরিচালক ঢাকায় ছিলেন। প্রশাসন সূত্র জানায়, মিজানুরের কানাডা সফরের খরচ সরকার বহন করবে না। সরকার তাঁর ২২ দিনের ছুটি মঞ্জুর করেছে। ভূরিভোজের খরচের উৎস জানতে চাইলে এম এ বাশার প্রথম আলোকে বলেন, ‘আমরা ৫০ ও ১০০ টাকা করে চাঁদা তুলে মিলাদ মাহফিল করেছি। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এই চাঁদা দিয়েছেন।’ যমুনার সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব বলেন, ‘আমরা কোনো চাঁদা দিইনি।’ কারা চাঁদা দিয়েছেন—জানতে চাইলে এয়াকুব বলেন, ‘এটা টার্মিনাল ম্যানেজার বাশার সাহেবকে জিজ্ঞেস করেন। টাকার উৎস সম্পর্কে আমরা আসলে কিছু জানি না।’ যমুনার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যমুনার কোনো সদস্য এক পয়সাও চাঁদা দেননি। ভূরিভোজের খরচের জোগানদাতা বাশার সাহেব নিজেই। তাঁরা বলেছেন, যমুনার গুপ্তখালের প্রধান স্থাপনা এবং আগ্রাবাদের প্রধান কার্যালয় মিলিয়ে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৩০০ জন। সবাই ১০০ টাকা করে চাঁদা দিলে গরুর দামও উঠবে না। অথচ ভূরিভোজের জন্য সাকল্যে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। যমুনার দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ব্যবস্থাপনা পরিচালক একজন মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়। ব্যবস্থাপনা পরিচালককে খুশি করতে ভূরিভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেন এম এ বাশার। এম এ বাশার এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের একজন মহাব্যবস্থাপক মারা গেছেন। তাঁর জন্য মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ সফরের যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়।’ যমুনার কর্মকর্তারা জানান, ১৪ মে মহাব্যবস্থাপক আমজাদ আলী মারা যান। এর আগেও যমুনার অনেক কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবনে মারা যাওয়ার নজির রয়েছে। কিন্তু কারোর মাগফিরাতের জন্য তখন মাহফিল বা ভূরিভোজের আয়োজন করা হয়নি।