এমন অবহেলা!
ট্রেনে বাঁ পা কাটা পড়েছে ২৬ বছর বয়সী তরুণের। গত ২৬ অক্টোবর তাঁকে রাজবাড়ী থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ড ট্রমা সেন্টারে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই তরুণকে রাখা হয়েছে তিনতলাবিশিষ্ট ট্রমা সেন্টারের ছাদে ওঠার সিঁড়ির মাঝের সমতল জায়গায়। সেখানে পায়খানা-প্রস্রাবের দুর্গন্ধে টেকা দায়। জানা গেছে, অপরিচিত এ তরুণকে দেখার কেউ নেই। তাই এখানেই তাকে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে। তরুণ নিজের নাম মো. ইমতিয়াজ, বাবা মো. রশিদ ফকির, পাঁচ ভাইবোন (দুই ভাই ও তিন বোন) ও বাড়ি মাদারীপুর—শুধু এটুকু বলতে পারে। ট্রমা সেন্টারের সেবিকারা জানান, এ রোগীর কোনো নিজস্ব লোক নেই। প্রাকৃতিক কাজে সমস্যা। তাই তাকে ওখানে রাখা হয়েছে। যাতে অন্য রোগীর কোনো সমস্যা না হয়।ট্রমা সেন্টারের চিকিৎসা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘ওখানে কোনো রোগী আছে তাই জানি না।’ পরে তিনি রোগীকে দেখে বলেন, ‘রোগীর শারীরিক অবস্থা ভালো নয়। পায়ের প্রাথমিক ক্ষত না শুকানো পর্যন্ত অপারেশন করা যাবে না।’ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘এ রকম অবহেলায় রোগী আছে তা আমার জানা নেই। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে রোগীর নিজস্ব লোক না থাকায় কীভাবে বিষয়টি মোকাবিলা করা যায় তা আসলেই একটি সমস্যা।’