বিএনপির মতো দল দিয়ে আন্দোলন-সংগ্রাম চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সমাবেশে বিরোধী দল কী করতে চেয়েছিল, তার ব্যাখ্যা এখনো খালেদা জিয়া দেননি। কিন্তু ব্যাখ্যা দিতে হবে। বিরোধী দলের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তিন অনুষ্ঠানে থাকতে পারেননি। বেবী নাজনীন এসে গান গাইল, তা-ও আপনাদের ধরে রাখতে পারেননি। বিরিয়ানির প্যাকেট নিয়েই চম্পট। আন্দোলন এত সোজা না। এমন আউলা ঝাউলা পার্টি দিয়ে কিছু হবে না। আন্দোলনও হবে না। ড্রাগ অ্যাডিক্ট আর মানি লন্ডারিংকারীদের দিয়ে আর যা-ই হোক, দেশ নির্মাণ সম্ভব নয়।’তারানা হালিম বলেন, উন্নয়নের স্বার্থে বর্তমান সরকারকে দুই মেয়াদের জন্য ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া উচিত। সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়। বিল পাস: গতকাল সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা বিল ২০১২ পাস হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি সংসদে উত্থাপন করলে তা পাস হয়। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বিলটির ওপর জনমত যাচাই এবং সংশোধন প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।