আগামী ১২ মার্চ বিরোধী দলকে ‘ঢাকা দখল করতে’ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ এমন কর্মসূচি দেবে ওই সময়ে যে বিরোধী দলের ঢাকায় আসার মতো শক্তি থাকবে না।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশ কর্মসূচি রয়েছে। বিরোধী দলের এই কর্মসূচির আগেই বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। এর মধ্যে ৭ মার্চ ঢাকায় বড় ধরনের মানববন্ধন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এই প্রেক্ষাপটে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আগামী ১২ তারিখ তারা (বিরোধী দল) ঢাকা দখল করবে? আমি বলতে চাই, ১২ তারিখের পূর্বে আমরা এমন কর্মসূচি দেব, ইনশা আল্লাহ ঢাকায় আসার মতো শক্তি তাদের হবে না।’