এমন ঘটনাও ঘটে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানেরা জীবনে প্রতিষ্ঠিত হবে, এই আশায় পাঁচ বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পরিচিত এক ব্যক্তির হাতে তিন শিশুকে তুলে দেয় তিন ম্রো পরিবার। অতিদরিদ্র ম্রো মা-বাবারা জানতেন, সন্তানেরা থাকবে নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের একটি অনাথ আশ্রমে। সুযোগ পেলেই দেখে আসতে পারবেন শিশুদের। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। নানা চেষ্টা করেও কখনো সন্তানদের দেখার সুযোগ পাননি তাঁরা।

মাস দুয়েক আগে জানা যায়, অনাথ আশ্রমে নয়, তিন শিশু (দুটি মেয়ে ও একটি ছেলে) আসলে বেড়ে উঠেছে নাইক্ষ্যংছড়ির তিনটি বড়ুয়া (বৌদ্ধ) পরিবারে, বাঙালি পরিচয়ে। এত দিনে তারা ভুলে গেছে ম্রো ভাষা। মা-বাবার কথাও মনে নেই তাদের। যে তিনটি পরিবারে তারা থাকছে, তাদেরই আপনজন হিসেবে জানে তারা। তিন ম্রো পরিবার পাঁচ বছর পর পুলিশের সহায়তায় ২০ জানুয়ারি সন্তানদের দেখতে পান। কিন্তু তিন শিশুই তাঁদের (বাবা-মা) সঙ্গে যেতে অসম্মতি জানায়। কোনোভাবেই বিষয়টির মীমাংসা করতে না পেরে শেষ পর্যন্ত আদালতের দারস্থ হয় পুলিশ।

ম্রো পরিবারগুলো বলছে, তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় তিন শিশুর বয়স ছিল বড়জোর চার বছর। তবে যাদের কাছে শিশুরা এখন রয়েছে, সেসব পরিবার বলছে তখন তাদের বয়স ছিল পাঁচ থেকে সাত বছর।

তিন ম্রো পরিবার থাকে বান্দরবানের লামা উপজেলার দুর্গম কংলাইপাড়ায়। তিন পরিবারের কোনো সদস্যই বাংলায় ঠিকমতো কথা বলতে পারেন না। পরিবারগুলোর দাবি, ২০১৩ সালে কংলাইপাড়ায় এসেছিলেন বিদর্শন বড়ুয়া নামের এক ব্যক্তি। নিজেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের একটি বৌদ্ধবিহারের সেবক পরিচয় দেন তিনি। সেখানে অনাথ আশ্রমে তিন শিশুকে নিয়ে যাওয়ার আগ্রহ দেখান তিনি। পরে তাঁরা তিন শিশুকে বিদর্শনের হাতে তুলে দেন। কিছুদিন পর ঘুমধুম গিয়ে সন্তানদের দেখতে চান তাঁরা। তখন টালবাহানা শুরু করেন বিদর্শন।

ফিরে এসে তিনটি পরিবার ঘটনাটি ম্রো সম্প্রদায়ের নেতাদের জানায়। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নেননি। সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে তাঁরা নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তরগু এলাকার হেডম্যান (মৌজাপ্রধান) মংনু মারমার সঙ্গে দেখা করেন। তিনি বিদর্শনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিন শিশু ঘুমধুমের তিনটি বড়ুয়া পরিবারের কাছে রয়েছে। এরপর হেডম্যানের পরামর্শে থানায় গিয়ে অভিযোগ জানান ওই তিন শিশুর বাবা রেংসিং ম্রো, কেক্লাং ম্রো ও কংছো ম্রো।

বিদর্শনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনিবলেন, তিন শিশুকে অনাথ আশ্রমে রেখে পড়ালেখা করানোর কথা তিনি পরিবারগুলোকে বলেননি। তিনি বলেছিলেন, অবস্থাসম্পন্ন তিনটি বড়ুয়া পরিবারের কাছে রেখে শিশুদের পড়ালেখার ব্যবস্থা করে দেবেন।

২০ জানুয়ারি তিন শিশু ও তাদের পালক পিতা-মাতাকে ডেকে আনেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ। থানায় তিন ম্রো পরিবারও ছিল। ওসি আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু শিশুরা বাবা-মায়ের কাছে যেতে না চাওয়ায় ঘটনাটি বান্দরবান জেলা পুলিশ সুপারকে জানান তিনি।

পুলিশ জানায়, ম্রো পরিবারের ভাষা বুঝতে পারছে না তিন শিশু। পাঁচ বছর আগে আসলে কী ঘটেছিল, তাও স্পষ্ট নয়। পালক বাবা-মায়েরা যা বলছেন ঠিক তার উল্টোটা বলছে ম্রো পরিবারগুলো।

বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, তিনি উভয় পক্ষকে (ছয় পরিবার) নিয়ে বসেছিলেন। কিন্তু শিশুরা ম্রো বাবা-মায়ের কাছে কিছুতেই যেতে চায় না। এ জন্য তিনি বিষয়টি আদালতে পাঠান।

আদালত সূত্র জানায়, ২১ জানুয়ারি শিশুদের বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দারের আদালতে হাজির করা হয়। সেখানেও শিশুরা ম্রো বাবা-মায়ের কাছে যেতে অস্বীকৃতি জানায়। তখন আদালত শিশুদের আগামী ২২ এপ্রিল পর্যন্ত পালক মা-বাবার হেফাজতে রাখার নির্দেশ দেন।

তিন শিশুর একজনের পালক বাবা দাবি করেন, পাঁচ বছর আগে ওই ম্রো ব্যক্তিরাই শিশুদের নিয়ে তাঁদের গ্রামে আসেন। তাঁদের সঙ্গে বিদর্শনও ছিলেন। তখন তাঁরা বলেছিলেন, শিশুরা অনাথ, তাদের লালন-পালনের কেউ নেই। নিজেদের সন্তানের মতো শিশুদের মানুষ করছেন তাঁরা। গত পাঁচ বছরে শিশুদের খোঁজে কেউ কখনো আসেননি বলেও দাবি করেন তিনি।

তিন শিশুর মধ্যে একটি শিশু রয়েছে নিঃসন্তান এক দম্পতির কাছে।

এদিকে তিন শিশু জন্মদাতা বাবা-মায়ের কাছে ফিরে যেতে অসম্মতি জানানোয় ভীষণ মুষড়ে পড়েছে তিন ম্রো পরিবার। এক শিশুর বাবা কেক্লাং ম্রো। তিনি প্রথম আলোকে বলেন, শিশুদের লেখাপড়া আর খাবারের জন্য সরল মনে তখন অনাথ আশ্রমে দিয়েছিলেন। তখন বুঝতেই পারেননি একদিন এমন পরিণতি হবে। যে করেই হোক, সন্তানদের ফিরে পেতে চান তাঁরা।