এমন ছেলেও হয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ বৃদ্ধা মাকে তাঁর মেয়ের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কুমিল্লা থেকে এনে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের কাছে সেতুর পাশে ফেলে রেখে যান দুই সন্তান। অবশেষ নয় দিন পর গত শনিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৌরনদী শহরের টরকী বাসস্ট্যান্ডের পাশে সেতুতে উঠতেই কয়েক দিন ধরে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখা যায়। স্থানীয় বেলাল হোসেন ও লিয়াকত হোসেন জানান, ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে দূরপাল্লার একটি বাস থেকে দুজন লোক ওই বৃদ্ধাকে নামিয়ে রাস্তার পাশে রেখে চলে যান। এর পর থেকে তিনি ওই স্থানেই ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ রোগাক্রান্ত বৃদ্ধার কাপড়চোপড় নিজের মলমূত্রে নোংরা হয়েছে। নয় দিন ধরে এক কাপড়ে সেখানেই পড়ে ছিলেন তিনি।
খবর পেয়ে শনিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির নির্দেশ দেন। বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোসলেম উদ্দীন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
বৃদ্ধা বলেন, তাঁর নাম আরাফাতুন নেছা (৮৫)। বাড়ি কুমিল্লা। শামীম ও শাহিন নামের তাঁর দুই ছেলে এবং নূরজাহান ও শরিয়াতি বেগম নামের দুই মেয়ে রয়েছে। কুমিল্লার কোন উপজেলায় বা কোন গ্রামে তাঁর বাড়ি, তা তিনি বলতে পারেননি।
আরাফাতুন নেছা জানান, তাঁর দুই ছেলে তাঁকে মেয়ের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এখানে নিয়ে আসেন এবং বসতে বলে চলে যান। এ কথা বলে দুই ছেলের নাম ধরে তিনি কাঁদতে থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেকেন্দার হোসেন মোল্লা জানান, আরাফাতুন নেছার বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। এ ছাড়া অসংলগ্ন কথা বলছেন।