এমন দিন আসবে কোচিং সেন্টার থাকবে না: দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর, কেরানীগঞ্জ, সাভার ও নরসিংদীর ৫৬০ জন শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ করাচ্ছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: দুদকের সৌজন্যে
ঢাকা মহানগর, কেরানীগঞ্জ, সাভার ও নরসিংদীর ৫৬০ জন শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ করাচ্ছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: দুদকের সৌজন্যে

দেশে এমন দিন আসবে যখন কোনো কোচিং সেন্টার থাকবে না। শিক্ষকেরা গাইড হয়ে ‘গাইড বইয়ের’ ভূমিকা পালন করবেন। আজ শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের আমানত রাখছি। শিক্ষার্থীদের স্ব-শিক্ষায় শিক্ষিত করুন।

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের দ্বিতীয় দিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর, কেরানীগঞ্জ, সাভার ও নরসিংদীর ৫৬০ জন শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, জ্ঞান অর্জন করলেই কেবলমাত্র দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে। যাদের কোনো জ্ঞান নেই তারাই দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন।

সততার চর্চা করতে হবে এমন আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের ২১ হাজার সততা সংঘ রয়েছে। এ বছর আমরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ গড়ে তুলতে পারিনি। তাই শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা সততা সংঘ গড়ে তুলুন। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সহায়তা করুন। একজন শিক্ষক পারেন শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে।

অনুষ্ঠানে দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল খালেক, আজিমপুর গভর্নমেন্ট হাইস্কুলের অধ্যক্ষ হাসিবুর রহমান, আজিমপুর গার্লস কলেজের শিক্ষার্থী মুনিহা রহমান, উদয়ন স্কুলের শিক্ষার্থী দেবাশীষ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেয়।