এমন ভুতুড়ে শহর কখনো দেখিনি
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com
১৭ মার্চ থেকে বাচ্চাদের স্কুল বন্ধ। সেদিন থেকে পুরোপুরি ঘরে আছি আমরা, মেইনটেইন করে চলেছি হোম কোয়ারেন্টিন। এর মাঝে সর্দি, কাশি, জ্বর, সাধারণ ফ্লু আঘাত হেনেছে আমাদের বাসায়। আমরা ভেঙে পড়িনি, অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রত্যেকেই লড়েছি এই অসুস্থতার বিরুদ্ধে। ছোট্ট তাজ থেকে শুরু করে ঘরের সবাই অসুস্থ হয়েছি, নিজেরাই নিজেদের চিকিৎসা করেছি, সুস্থ হতে চলেছি আমরা সবাই।
এক দিনের জন্যও আমরা কেউ ঘর থেকে বের হইনি। খুব বেশি খাবারদাবারও আমরা স্টক করিনি, স্বাভাবিকভাবে জীবন যাপন করে চলেছি। নিয়মিত নামাজ, দোয়া-দরুদ, বাচ্চাদের পড়াশোনা, ঘরের কাজকর্ম—সবকিছু মেইনটেইন করে চলেছি।
ইতিমধ্য এক দেশ থেকে অন্য দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থবির হয়ে গেছে জনজীবন। বিশ্বের দর্শনীয় স্থানগুলোতে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে না। সবার মধ্যে বিরাজ করছে আতঙ্ক, অনিশ্চয়তা, উৎকণ্ঠা। সব দিকে করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে।
এর আগে সৌদি আরবের অন্য মসজিদগুলোয় নামাজ বন্ধ করে দেওয়া হলেও মক্কা ও মদিনা শরিফের দরজা খোলা ছিল। ২০ মার্চ, মক্কা ও মদিনার হারাম শরিফে নামাজ বন্ধ করে দেওয়া হলো। সেদিন বিকেল থেকেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে ছোট্ট তাজ। বুকের মধ্যে হাহাকার জেগে উঠল। চোখ ফেটে, বুক ফেটে কান্না আসতে লাগল, হে আল্লাহ! এ কোন পরীক্ষায় পড়েছি আমরা! ধৈর্য ধরে আল্লাহর কাছে নীরবে প্রার্থনা করে যেতে লাগলাম। ওর জ্বর কমে এল, একদিন জ্বর কমে কিন্তু পরদিন আবার জ্বর আসে, এভাবে চলল প্রায় সাত-আট দিন। সাধারণ ওষুধে আর কাজ করছিল না, পরে আবার অ্যান্টিবায়োটিক দিতে হলো, ফোনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
২২ মার্চ থেকে আমার অসুস্থতা বেড়ে গেল, যে আমি সাধারণত খুব একটা অসুস্থ হই না, সে আমার প্রচণ্ড জ্বর, গলাব্যথা, পুরো শরীর ব্যথা সব একনাগাড়ে আসতে লাগল। প্রায় দুই-তিন রাত নির্ঘুম কাটল। এরপরও আমরা সাহস হারালাম না, বুঝতে পারলাম এটা সাধারণ ফ্লু, সিজনাল অসুস্থতা। লাবী-আদী, ওদের বাবা সবাই একসঙ্গে অসুস্থ হতে লাগল। ঘরের কাজকর্ম, বাচ্চাদের পড়াশোনা, রান্নাবান্না, একটা ছোট বাচ্চা অসুস্থ হলে ঘরে যা হয়, সেসব কষ্টকর মুহূর্ত আমরা অত্যন্ত ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে পার করে চলেছি। সবাই সবাইকে হেল্প করে চলেছি সাধ্যমতো।
২৯ মার্চ। করোনাভাইরাসের এমন উপদ্রবের মাঝে আমরা খুব ভালোভাবে হোম কোয়ারেন্টিনে থেকে দিনগুলো পার করছিলাম আর আজই বিপত্তিটা ঘটল আমার, দুপুরে খেতে বসে। মাছের কাঁটা বিঁধে গেল গলায়। খাবার টেবিল থেকে উঠে যেতে হলো। ফেসবুকের হাজারো প্রেসক্রিপশন, সে অনুযায়ী লেবু খেতে লাগলাম, স্পষ্ট উল্লেখ আছে গলায় কাঁটা লাগলে লেবু খেলে গলার কাঁটা সরে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমার, এক পিস দুই পিস না, পুরোপুরি গোটা চারটা লেবুর রস খেয়ে ফেললাম। এরপরও আমার গলার কাঁটা নেমে গেল না, সরে গেল না বরং আমার গলার মধ্যে এত বেশি ব্যথা বেড়ে যাচ্ছিল একপর্যায়ে নিশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। সবাই অস্থির হয়ে গেল আমাকে নিয়ে।

কী করব বুঝে উঠতে পারছিলাম না। বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করলাম। এর মাঝে কাঁটা বের করার চেষ্টা করতে গিয়ে আমার গলা থেকে অনেক রক্ত বের হলো, কয়েকবার বমি করলাম। না, কাজ হবে না। চিকিৎসকের কাছে যেতে হবে। এরপর প্রত্যেকে আলাদা করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলাম। নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে চাইলাম, সব চিকিৎসকের একই কথা তারা কেউ চেম্বার করছেন না। আমি নিজেই দুজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, আমার হাজব্যান্ড কথা বলেছে তিনজনের সঙ্গে, আমার ভাইয়া কথা বলেছে চার–পাঁচজন চিকিৎসকের সঙ্গে, সব চিকিৎসকের একই পরামর্শ, মেডিকেলে চলে যান। একজন চিকিৎসক বললেন, তিনি চেম্বার বন্ধ করে গ্রামে চলে গেছেন। আরেকজন বলছেন, তাঁর বাসায় কোনো যন্ত্রপাতি নেই। তাঁদের বোঝানোর চেষ্টা করলাম, দেখেন, আমরা ১৩ দিন ধরে বাসায় আছি। আমাদের অন্য কোনো অসুস্থতা নেই। শুধু গলায় কাঁটা বিঁধেছে, এটাই সমস্যা। তারপরও তাঁরা তাঁদের জায়গায় অটল। তাঁরা রোগী দেখবেন না। আমরা খুব অসহায় বোধ করলাম। আমার গলায় তো একটা কাঁটা মাত্র লেগেছে, যেকোনোভাবে এটা সরে যাবে কিন্তু এমন অনেক রোগী আছে, যাদের অবস্থা অনেক সিরিয়াস, তারা কী করবে? আমাদের দেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে, ভাবতেই কষ্ট লাগছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিলাম মেডিকেলে যাওয়ার। কিন্তু, হায় আল্লাহ! আমাদের ভয় তো ওই এক জায়গাতেই, মেডিকেলে কীভাবে যাব! হাজারো মানুষের ভিড় ওখানে। দুপুর বেলা আমাদের এক ভাইপো এসেছে গ্রাম থেকে, সে মেডিকেল গিয়েছিল, ওখান থেকে আমাদের বাসায় এসেছে, আমরা তাকে বাসায় জায়গা দিইনি, লাবীর বাবা নিচে গিয়ে তার সঙ্গে দেখা করে ওকে বিদায় দিল, আর এখন আমাদের যেতে হবে মেডিকেলে! কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কিন্তু এমন একটা ব্যাপার, গলায় মাছের কাঁটা নিয়ে রাত কাটানো ও যাবে না, ব্যথা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এর আগে আরও দু–একবার গলায় কাঁটা লেগেছে কিন্তু এত সিরিয়াস কখনো ছিলাম না। এখন তো আধুনিক যন্ত্রপাতি আছে কিন্তু এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, দেশের এই পরিস্থিতিতে, এত দূরে চট্টগ্রাম মেডিকেলে যেতেও ভয় লাগছিল। সমস্যা চরমে পৌঁছার আগেই সিদ্ধান্ত নিলাম চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
এত দিন ধরে আমরা বলে এসেছি ঘরে থাকুন, সুস্থ থাকুন। কিন্তু প্রয়োজন আইন মানে না, নিয়মের ধার ধারে না, তাই তো রাত সাড়ে নয়টায় আমরা খুব দ্রুত রেডি হয়ে দুজনে বের হলাম। সুনসান নীরবতা চারদিকে, রাস্তায় আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চোখে পড়ছে না। আমাদের মাস্ক ছিল কিন্তু হ্যান্ডগ্লাভস ছিল না। দুই–তিনটা মেডিসিনের দোকান ঘুরে শেষে হ্যান্ডগ্লাভস কিনে নিলাম। রাস্তায় গাড়ি চলছে, নিয়ন বাতির আলোয় এই চিরপরিচিত শহরটাকে একেবারে অপরিচিত মনে হলো। অনেক দূর পরপর দু-একজন মানুষ হয়তো চোখে পড়ছে কিন্তু কোথাও কোনো গাড়ি নেই, পুলিশ নেই, দোকানপাট বন্ধ। অনেক গভীর রাতেও রাস্তাঘাটের এমন পরিস্থিতি কখনো দেখিনি। দুজনে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ভয় মিশ্রিত আতঙ্কের মধ্যে সামনের দিকে এগোচ্ছিলাম, কেমন যেন খুব ভয় লাগছিল।
পথে যে দু–একজন মানুষ চোখে পড়ছিল, মনে হচ্ছিল সবার মধ্যে আতঙ্ক, কী একটা ভয় যেন ঘিরে ধরেছে সবাইকে, আমাদেরও ভয় লাগছে। মনে হচ্ছে এখনই কেউ এসে কিছু বলবে, মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ, মনে হচ্ছে একেবারে অপরিচিত একটা জায়গায় আমরা। যেন পথ আর শেষ হচ্ছে না, কোথায় যাচ্ছি! কেন যাচ্ছি! সবকিছু এলোমেলো লাগছিল। চট্টগ্রাম মেডিকেলে পৌঁছে জরুরি বিভাগ থেকে টিকেট করে ১৯ নম্বর ওয়ার্ডে চারতলার দিকে হাঁটতে শুরু করলাম। আসলে আমরা মেডিকেলের সবগুলো দিক ভালো করে চিনি না, এখানে ঠিক মাঝামাঝি গিয়ে একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। মানুষজন একেবারেই নেই। একজন নার্স ২৪ নম্বর ওয়ার্ড থেকে আসছিলেন, তাঁকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এক ফ্লোর নিচে গিয়ে আবার একদম ঠিক পশ্চিমে গিয়ে চারতলায় উঠতে হবে। সেই হিসাবে আমরা এগিয়ে গেলাম নাক কান গলা ইউনিটে। মেডিকেলের একেবারে পূর্ব প্রান্ত থেকে একেবারে পশ্চিম প্রান্তে এসে আমরা হাঁপিয়ে উঠলাম। আসলে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, আমরা কেউ কারও দিকে তাকাচ্ছিলাম না, শুধু হাঁটছি তো হাঁটছিই। পথ যেন শেষ হচ্ছিল না, আমরা একেবারে শেষ প্রান্তে গিয়ে চারতলায় উঠে ঘেমে-নেয়ে শেষ, একেবারে যাচ্ছেতাই অবস্থা। এখানেও একই অবস্থা। দু-একজন রোগী আছে তাদের পরিবার আছে, এটুকুই। দুজন নার্স আছেন, আছেন একজন চিকিৎসক। সে চিকিৎসক এক্সিডেন্টের একজন রোগীর চিকিৎসা করছিলেন। আমাদের ওয়েট করতে হলো, মুখে মাক্স হাতে গ্লাভস, মনের মধ্যে আতঙ্ক! কী এক বিব্রতকর পরিস্থিতিতে আমরা দুজন বসে আছি। প্রায় ৪৫ মিনিট ওয়েট করতে হলো। ৪৫ মিনিট আমাদের কাছে ৪৫ ঘণ্টার মতো লাগছিল। শেষে চিকিৎসককে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? খুলে বললাম, তিনি প্রথমে জানতে চাইলেন, কী মাছের কাঁটা? মনে মনে বললাম যে মাছেরই কাঁটা হোক না কেন। বললাম ইলিশ মাছ। তিনি বললেন, কাঁটা আমাদের অনেক সময় লেগেছে কিন্তু ভাত খেলে তো সরে যায়। এরপর আপনি কিছু খাননি? তিনি জানতে চাইলেন। বললাম, না, আমি আর কিছু খাইনি, এখানে আসার আগে একটু চা খেয়ে এসেছি। তিনি বললেন আমি চেষ্টা করব, আপনি আমাকে একটু সাহায্য করবেন। আমি বললাম, ঠিক আছে। তারপর তিনি প্রস্তুতি নিলেন, তাঁর সঙ্গে দুজন সহকারী ছিল। মনে হচ্ছিল চিকিৎসক নিজেই একটু ঘাবড়ানো অবস্থায়, তিনি কাঁটা দেখতে পেয়েছেন এবং নিতে চাচ্ছিলেন ওই সময় আমার একটু কষ্ট হচ্ছিল, তিনি কাঁটা ছেড়ে দিয়েছেন, কাঁটা ছুটে গেছে কিন্তু বাইরের দিকে আনতে পারলেন না, কাঁটা ভেতরের দিকে চলে গেল। আমরা আবার ওয়েট করলাম প্রায় ১০ মিনিট। চিকিৎসক নিজেই বুঝতে পেরেছেন ব্যাপারটা, তিনি বললেন ঠিক আছে আমরা আরেকবার দেখি, তিনি আরেকবার ভালো করে চেক করলেন, গলায় কাঁটা নেই। কিন্তু দুপুর থেকে গলায় কাঁটা থাকার কারণে যে ব্যথা, সেটা এত বেশি লাগছিল, বুঝে উঠতে পারছিলাম না কাঁটা আছে কি নেই, তারপর আমরা ওখান থেকে বিদায় নিলাম। গলাব্যথা নিয়ে ফিরছি, পানি খেলাম। এটা ঠিক যে গলার কাঁটা নেমে গেছে কিন্তু যেহেতু কাঁটাটা বাইরের দিকে আনতে পারেননি, তাই মনে হচ্ছিল কাঁটা রয়ে গেছে। মনের মধ্যে কনফিউশন কাজ করছিল, তবে শেষ পর্যন্ত বুঝতে পারছিলাম যে কাঁটাটা নেই।
ফিরে আসছিলাম বাসায়, চিকিৎসক কিছু মেডিসিন সাজেস্ট করেছেন। আমরা সেগুলো নেওয়ার জন্য দোকানপাট খুঁজে পাচ্ছিলাম না, তবে আশার কথা হলো সে ধরনের মেডিসিন বাসায় আছে, তাই কিছু কিনতে হলো না। আবার সেই অপরিচিত রোড, নিস্তব্ধ নগরী, ফাঁকা শহর, অসচ্ছ আলো, জনমানবহীন দেশ সব অতিক্রম করে আমরা বাসায় এসে পৌঁছালাম।
বাসায় আসার আগেই দরজা খুলে রাখা হলো, পানি গরম করে রাখা হলো। আমরা হ্যান্ডগ্লাভস, মাস্ক খুলে ফেলে আসলাম নিচে ডাস্টবিনে। ওপরে এসে সোজা ওয়াশরুমে, যেন কী মারাত্মক অপরাধ করে এসেছি আমরা, আমাদের ঘর খালি, কেউ নেই। বাচ্চাদের অন্য ঘরে নিয়ে রাখা হয়েছে। আমরা গোসল করে নিলাম। পরনের সব কাপড়চোপড় এমনকি জুতা পর্যন্ত ধুয়ে দিলাম। মনের মধ্যে এতটা ভয় কেন কাজ করছিল, বুঝে উঠতে পারছিলাম না। এক বিভীষিকাময় সময় পার করলাম।
বারবার চোখে ভাসছে সেই মেডিকেল, যেখানে মানুষ গিজগিজ করে, সেখানে মানুষ নেই। বারবার চোখে ভাসছে সেই রাস্তা, যেখানে মানুষের জন্য রাস্তা পার হওয়া যায় না, সেখানে কোনো মানুষ নেই। কোনো গাড়ি নেই, রিকশা নেই। এ রকম ভুতুড়ে শহর আমরা কখনো দেখিনি।
মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আমার ছোট্ট একটা সমস্যা এটাকেও আজ অনেক বড়ো মনে হচ্ছিল, না জানি কত মানুষ কত বিপদে আছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখবেন, এই বিশ্বকে করোনা–মুক্ত করবেন শিগগিরই। হে আল্লাহ, আমরা আগের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বিশ্ববাসীকে এ বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দিন।
লেখক: চট্টগ্রাম। [email protected]