এমন সেবাই চান সবাই
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সাইদ হোসেন ১৯ জুন নিজের ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়েছিলেন খুলনা বিআরটিএ কার্যালয়ে। কিন্তু ফরম নেওয়ার পর সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকেও কার্যালয়ে অবস্থিত ব্যাংকে টাকা জমা দিতে পারেননি। অবশেষে বিরক্ত-ক্লান্ত হয়ে ফিরে আসেন। ওই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে কি না, শুধু এতটুকু জানতেই রীতিমতো হিমশিম খেতে হয় তাঁকে।
কিন্তু গতকাল মাত্র ৩০ মিনিটেই নিজের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছেন সাইদ হোসেন। বিশ্ব জনসেবা দিবস-২০১৬ উপলক্ষে খুলনা বিআরটিএ আয়োজিত সেবা কার্যক্রম থেকে এ লাইসেন্স পেয়ে যান তিনি। কোনো রকম হয়রানির শিকার না হয়ে স্বল্প সময়ে লাইসেন্স পেয়ে খুশি সাইদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে শুধু দালালদের দৌরাত্ম্য। সেদিন (১৯ জুন) টাকা জমা দিতেই যে বিড়ম্বনা পোহাতে হয়, তা ভাষায় বোঝানোর নয়। কিন্তু আজ (বৃহস্পতিবার) স্বল্প সময়ে যে সেবা পেয়েছি, তাতে খুবই খুশি। আশা করি, বিআরটিএ জনগণের স্বার্থে মাঝে মাঝে এ ধরনের সেবা অব্যাহত রাখবে।’