এমনই হাল স্বাস্থ্যকেন্দ্রটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টিতেই একতলা ভবনটির ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের প্রতিটি কক্ষেই ফাটল। খসে পড়ছে পলেস্তারা। আসবাব ময়লায় ভরা। নেই বিদ্যুতের ব্যবস্থা। ভবনের চারপাশে গুল্মজাতীয় উদ্ভিদের ছড়াছড়ি। এ অবস্থার মধ্য দিয়ে চলছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কার্যক্রম। সম্প্রতি ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে সেখানকার একমাত্র চিকিৎসক মাহবুবুল হককে পাওয়া যায়নি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রেহানা আক্তার এবং একজন আয়া দিয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রের একজন করে ফার্মাসিস্ট, পরিদর্শক ও এমএলএসএসের পদ খালি। এ অবস্থার কারণে সেখানে রোগীর সংখ্যা কমে গেছে। গত মঙ্গলবার ওই স্বাস্থ্যকেন্দ্রে ১৬ জন এবং বুধবার নয়জন রোগী সেবা নিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভবনটির পাঁচটি কক্ষের মধ্যে একটি ব্যবহারের উপযোগী করা হয়েছে।সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংসদের সদস্যসচিব নাজমুল বারী চৌধুরী বলেন, সাতবাড়িয়া উন্নয়নবঞ্চিত অবহেলিত এলাকা। এখানকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য এটি একমাত্র প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানই এখন রুগ্ণ হয়ে পড়েছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রেহানা আক্তার বলেন, ‘ভবনটি এতই জরাজীর্ণ যে যেকোনো সময় ধসে পড়তে পারে। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। নেই বৈদ্যুতিক পাখা। আবাসিক কোয়ার্টারের অবস্থাও খারাপ। যে কারণে নোয়াখালীর সেনবাগ থেকে এখানে এসে কাজ করতে হয়।’ চিকিৎসক মাহবুবুল হক বলেন, ‘বরাদ্দ না থাকায় ভবনের এমন হাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আমাকে পুরো উপজেলার কাজ দেখতে হয়, তাই সব সময় ওই কেন্দ্রে যাওয়া সম্ভব হয় না।’ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ওই ভবনের অবস্থা একেবারেই খারাপ। পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি জানেন।