এমনও মা হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে মোবাইল ফোনসেট চুরি করতে শিশুছেলেকে পাঠাতেন মা ফাতেমা বেগম। চুরি করতে অস্বীকৃতি জানালে মা তাকে বেদম মারধর করতেন। তাই প্রায় এক মাস আগে বাসা থেকে পালিয়ে যায় শিশুটি। এখন সে আর মায়ের কাছে ফিরে যেতে চায় না।এই শিশুর নাম রাব্বি ইসলাম ওরফে বাপ্পী (১০)। শহরতলির বিশ্ব কলোনি এলাকায় থাকত মায়ের সঙ্গে। বাসা থেকে পালিয়ে সে কাট্টলী এলাকার একটি বাসায় আশ্রয় নেয়। সেখানে সে এক মাস ছিল। ২১ জুন র‌্যাব অপহূত শিশু সন্দেহে দেওয়ানহাট এলাকা থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশি তদন্তে বেরিয়ে আসে তার ঘর ছাড়ার কাহিনি।গতকাল সোমবার বিকেলে রাব্বিকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালতে হাজির করা হয়। আদালত তাকে হাটহাজারীর ফরহাদাবাদের নিরাপদ কেন্দ্রে (সেইফ হোম) পাঠানোর আদেশ দেন। রাব্বি আদালতকে জানায়, ‘আমি মায়ের কাছে যাব না। মা শুধু আমাকে বিভিন্ন পার্টিতে মোবাইল ফোন চুরি করতে পাঠায়। এটা আমার ভালো লাগে না। চুরি না করলে মা আমাকে বেদম মারধর করে। মায়ের কাছে পাঠালে আমাকে মেরে ফেলবে।’ আদালতে রাব্বির কথা শোনার পর এক মহিলা তার জিম্মাদার হতে আগ্রহ দেখান। রাব্বিও তাঁর কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ১০ বছরের এই শিশুর আকুতি দেখে চট্টগ্রাম মহানগর হাকিম তাকে নিরাপদ কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।এর আগে ২২ জুন রাব্বিকে আদালতে হাজির করা হয়। সেদিন তার মা ফাতেমা আদালতে হাজির ছিলেন। তিনি সেদিন ছেলেকে নিজের হেফাজতে নিতে চেয়েছিলেন। কিন্তু সে মায়ের সঙ্গে যেতে রাজি হয়নি।গতকাল খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম শিশু রাব্বির ঘর ছাড়ার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে বলা হয়, রাব্বির মা ফাতেমা বেগম বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সন্তান রাব্বিকে মোবাইল ফোনসেট চুরি করতে পাঠাতেন। রাব্বি কোনো কারণে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতেন ফাতেমা। একপর্যায়ে বিশ্ব কলোনি এলাকার বাসা থেকে পালিয়ে রাব্বি সিটি গেইট এলাকায় জনৈক জনির বাসায় আশ্রয় নেয়। সেখানে এক মাস ছিল। প্রতিবেদনে বলা হয়, অপহূত শিশু সন্দেহে ২১ জুন র‌্যাব দেওয়ানহাট এলাকা থেকে রাব্বিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী সন্দেহে মো. আমজাদ হোসেন (২৪) ও মো. আলমগীর হোসেন (২৬) নামে দুজনকে আটক করে র‌্যাব।প্রতিবেদনে বলা হয়, আমজাদ ও আলমগীর আসলে অপহরণকারী ছিলেন না। তাঁরা রাব্বির মায়ের পরিচিত। রাব্বিও জিজ্ঞাসাবাদে র‌্যাব ও পুলিশকে একই কথা বলেছে।