হাওরের শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘শিক্ষার্থীদের এমন মানের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যাতে লেখাপড়া শেষ করে কোনো তদবির ছাড়াই তারা চাকরি পায়।’
কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী উৎসবে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন।
রাষ্ট্রপতি বলেন, হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য একসময় কোনো প্রার্থী পাওয়া যেত না। আর মহিলা তো প্রশ্নই ওঠে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু পড়লেই হবে না। তোমাদের জ্ঞানার্জন করতে হবে। একসময় হাওর ছিল দুর্গম। স্কুল-কলেজের সংখ্যা ছিল খুবই কম। এখন হাওরে শিক্ষার সুযোগ বেড়েছে।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিচারণা করে বলেন, ‘গুরুদয়াল কলেজের ভিপি থাকাকালে ১৯৬৭ সালে মিঠামইনে হাইস্কুল প্রতিষ্ঠার জন্য হাওরের বিভিন্ন জায়গা থেকে ৪২ মণ ধান সংগ্রহ করেছিলাম।’
স্থানীয় সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিন, বাজিতপুর-নিকলীর সাংসদ এম এ আফজাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আইনজীবী জিল্লুর রহমান প্রমুখ।
তিন দিনের সফরে গতকাল দুপুরে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি।
পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নের পরামর্শ: বার্তা সংস্থা বাসস জানায়, রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে কেআইবির পঞ্চম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলনে যোগ দিয়ে গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদ আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নের পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে কৃষি উৎপাদন টেকসই করতে কৃষকদের দোরগোড়ায় এ প্রযুক্তি পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নতুন নতুন ফসলের বিভিন্ন জাত উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি সাংসদ এ এফ এম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী।