যশোরের শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড়িয়ে গেছে। কয়েকজনের পক্ষে দলটির স্থানীয় সাংসদ ও অন্যদের পক্ষে পৌরসভার মেয়র ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দুই পক্ষের ক্ষমতার লড়াইয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা।
দলীয় সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ১০টি ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের নামের দুটি তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। একটিতে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের ও অন্যটিতে বেনাপোল পৌরসভার মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় নেতা আশরাফুল আলমের পছন্দের ব্যক্তিদের নাম স্থান পায়। পরে সাংসদ আফিলের পছন্দের পাঁচজন ও মেয়র আশরাফুলের পছন্দের পাঁচজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কায়বা ও উলাসীতে মনোনয়ন না পেয়ে মেয়রের দুই অনুসারী এবং ডিহি, লক্ষ্মণপুর, বাহাদুরপুর, পুটখালী ও নিজামপুর ইউপিতে সাংসদের পাঁচ অনুসারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
এই সাত ইউপিতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। ১৫ দিন ধরে এসব ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ছোট-বড় সংঘর্ষ চলছেই। ফলে ভোটাররা চরম শঙ্কায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বাগআঁচড়া ও লক্ষ্মণপুর ইউনিয়নের কয়েকজন ভোটার এ প্রতিবেদককে বলেন, যে অবস্থা চলছে, তাতে জীবন নিয়ে এখন এলাকায় টিকে থাকাই দায়। শেষ পর্যন্ত তাঁরা ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
আওয়ামী লীগের ভেতরের দ্বন্দ্ব নিরসন করা গেল না কেন—এমন প্রশ্নের জবাবে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, ‘নেত্রী আমার তালিকা থেকে পাঁচজনকে প্রার্থী করেছেন। কিন্তু এমপি সাহেবের যে পাঁচজন মনোনয়ন পাননি, তাঁদের তিনি ডেকে প্রার্থী হতে বাধ্য করেছেন। তিনিই দলের বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। ফলে বিষয়টা দ্বন্দ্ব-সংঘাতের পর্যায়ে চলে গেছে।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ শেখ আফিল উদ্দীন। বিদ্রোহীরা তাঁর প্রার্থী নন দাবি করে তিনি বলেন, ‘সারা দেশের মতো এখানেও মনোনয়নবঞ্চিত কয়েকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। এটা স্থানীয় সরকার নির্বাচন। তাই আমাদের করার কিছুই নেই।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকদের হুমকিতে বিএনপির প্রার্থীদের সমর্থকেরা প্রচারণায় নামতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
হুমকির মুখে পুটখালী ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর বাগআঁচড়া ইউপিতে দলটির প্রার্থী জাহাঙ্গীর হোসেন এলাকাছাড়া।
জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রার্থী হওয়ার পর আমাকে বাগআঁচড়া ছাড়তে হয়েছে। এলাকায় গেলে লাশ ফেলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস কবির। গত সাত দিনে সাতটি প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির কোনো কর্মীকে নির্বাচনের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও শার্শা থানায় অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস কবির বলেন, ‘ওসব অপপ্রচার। বাগআঁচড়ায় কোনো টুঁ শব্দ নেই।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, কারও কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দিতে হবে। এখন পর্যন্ত কেউই তা করেননি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।