এমপি লতিফকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সাংসদ এম এ লতিফকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁকে গ্রেপ্তারের জন্য ১৫ দিন সময় বেঁধে দেন তিনি। একই সঙ্গে তিনি তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। নাগরিক মঞ্চ, চট্টগ্রাম-এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এম এ লতিফকে ‘কুলাঙ্গার’ উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমার নেতা বঙ্গবন্ধুর কাপড় বদল করে এবং মাথা কেটে তাঁর (লতিফ) শরীরের ওপর বসানো হয়েছে। লতিফ একজন চক্রান্তকারী ও পাকিস্তানি মনোভাবাপন্ন ব্যক্তি। সে এই অপকর্ম করতে পারে। তাঁকে যারা সহযোগিতা করছেন, তাঁরা সাবধান হয়ে যাবেন।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আপনি (লতিফ) চট্টগ্রামের মাটিতে চলাফেরা করবেন না। কোনো যুবক কিংবা ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে পারে। এতে যদি সে (লতিফ) মৃত্যুবরণ করে, তাহলে আমাকে প্রধান আসামি করতে পারবেন। আসামির কাঠগড়ায় যেতে মহিউদ্দিন চৌধুরী রাজি আছে। সে যাতে চট্টগ্রামে ঢুকতে না পারে, এ জন্য তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
১৫ দিনের মধ্যে এম এ লতিফকে গ্রেপ্তারের দাবি জানিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আইনি আশ্রয় নিয়েছি। দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হবে।’ লতিফের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা দ্রুত অনুমোদন দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ‘১৫ দিনের মধ্যে গ্রেপ্তার না হলে আবার সভা ডাকব। সে সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরের সময় স্থানীয় সাংসদ এম এ লতিফ আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগানোর ব্যবস্থা করেন। এসব ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। কিন্তু ছবিতে বঙ্গবন্ধুর শারীরিক কাঠামো পরিবর্তন করার কারণে বিতর্ক শুরু হয়।