এমপি হোস্টেলে পাওয়া লাশের পরিচয় ১২ দিনেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় ১২ দিনেও মেলেনি। পুলিশ তদন্ত শুরু করলেও নিহত ওই নারী সম্পর্কে গতকাল শুক্রবার পর্যন্ত কোনো তথ্য পায়নি।গত ২২ এপ্রিল সন্ধ্যায় সুরক্ষিত এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকের তিনতলার পরিত্যক্ত বাথরুম-সংলগ্ন ছাউনি থেকে বসা অবস্থায় ওই নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে কবে, কীভাবে, কার সঙ্গে গিয়েছিলেন এবং কে বা কারা তাঁকে হত্যা করেছে, এসব সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ।এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আজিমউদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, ওই নারীর লাশ শনাক্ত করার জন্য অনেকেই এসেছেন। কিন্তু কেউই তাঁর পরিচয় নিশ্চিত করেননি। তাঁর পরিচয় জানার জন্য পুলিশ ওই এলাকার আশপাশের কর্মজীবী ও ভাসমান নারীদের সঙ্গে কথা বলেছে। ভাসমান যৌনকর্মীদের সঙ্গেও কথা বলেছে। কিন্তু কেউই তাঁর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।এসআই আজিমউদ্দীন জানান, ওই নারীর লাশ দাফনের জন্য গত সোমবার আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দেওয়া হয়েছে।