এমপিও নীতিমালা প্রণয়নে তাগিদ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে প্রতি জেলায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক বেতন প্রদান (এমপিও) নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপনের প্রক্রিয়া দ্রুত সম্পন্নের তাগিদ দিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিবছর অনেক স্কুল ও কলেজ এমপিওভুক্তির আবেদন পেয়ে থাকি। কিন্তু আমার মনে হয় প্রতি জেলায় কতটি স্কুল ও কলেজ এবং এসব প্রতিষ্ঠানে কতজন শিক্ষক দেওয়া হবে—এ-সম্পর্কিত একটি নীতিমালা থাকা প্রয়োজন।’ তিনি বলেন, তাঁর সরকার শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। এ জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে শিক্ষার উন্নয়নে এই অর্থ অবশ্যই একটি নিয়ম ও কাঠামোর মধ্যে ব্যয় হওয়া প্রয়োজন।
শেখ হাসিনা পাহাড়ি জেলাগুলোর যাতায়াতে অসুবিধা এমন প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে আবাসিক স্কুল প্রতিষ্ঠার এবং চরাঞ্চলের ছেলেমেয়েদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী দ্রুত তা সম্পন্নের তাগিদ দেন।
মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা দিয়েই এই অঞ্চলের শিক্ষাব্যবস্থার ভিত রচিত হয়েছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার।