এমপিও বাতিলের সুপারিশ সাংসদের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী কম ও ফল সন্তোষজনক না হওয়াসহ বিভিন্ন কারণে লালমনিরহাট সদর উপজেলার আনন্দ বাজার নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারের অনুদান (এমপিও) বাতিলের জন্য চারবার সুপারিশ করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ এমপিও বাতিল না করতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অনুরোধ জানিয়েছেন।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘এই বিদ্যালয়ে কাম্য শিক্ষার্থী (১৫০ জন) নেই। শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলও সন্তোষজনক নয়। প্রধান শিক্ষকের পদ নিয়ে দুই ভাই আনোয়ারুল ইসলাম বসুনিয়া ও আখতারুল ইসলাম বসুনিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ব্যবস্থাপনা কমিটি নিয়ে মামলা রয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের মধ্যে বিবাদ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্যদিকে বেশি মনোযোগী। এসব কারণে বিদ্যালয়টির এমপিও বাতিল করতে ২০১২ সালের ২১ মে, ২০১৩ সালের ১৯ আগস্ট এবং ২০১৪ সালের ২৪ জুন তিনবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশ করেছি।’
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘এই জেলায় বেশ কিছু ভালো মানের বিদ্যালয় আছে, যেগুলোর শিক্ষকেরা রাষ্ট্রের আর্থিক সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত হতে পারেননি। অথচ আনন্দ বাজার নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষার্থী না থাকলেও শিক্ষকেরা মাসে প্রায় ৭৯ হাজার টাকা বেতন-ভাতা পাচ্ছেন। একে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং শিক্ষকদের পেশাগত অনিয়ম-দুর্নীতি বললে কম বলা হয়। এ কারণেই বিদ্যালয়টির এমপিও স্থগিত করতে ২০১৩ সালের ২৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পত্র দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তবে বিদ্যালয়টির এমপিও বাতিল না করতে লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ গত ১৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বরাবরে একটি লিখিত সুপারিশ করেছেন। এ ব্যাপারে সাংসদ আবু সালেহ মো. সাঈদ বলেন, ‘ওই এলাকায় অবস্থিত একমাত্র বালিকা বিদ্যালয়টি নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যবস্থাপনা কমিটি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর ভর্তির হার বাড়ছে ও শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে। এ কারণে বিদ্যালয়টির এমপিও বন্ধ না করতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে সুপারিশ করে পত্র দিয়েছি।’
জেলা শিক্ষা কার্যালয় ও বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। ২০০০ সালের ১ এপ্রিল বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মচারীসহ মোট আটজন কর্মরত আছেন। তাঁরা সরকারিভাবে প্রায় ৭৯ হাজার টাকা বেতন-ভাতা বাবদ পান।
জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ৩ মে থেকে ২০১৪ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকদের জ্ঞাত ও অজ্ঞাতসারে ১০-১২ বার ওই বিদ্যালয় পরিদর্শন করা হয়। এতে সর্বোচ্চ ২১ জন এবং সর্বনিম্ন সাতজন ছাত্রীকে উপস্থিত পাওয়া যায়। শিক্ষক পাওয়া গেছে দু-একজন করে। তবে বেশির ভাগ সময় শিক্ষক-শিক্ষার্থী কাউকে পাওয়া যায়নি। ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বসুনিয়া এবং সহকারী শিক্ষক আখতারুল ইসলাম বসুনিয়াকে বিদ্যালয়ে উপস্থিত না পাওয়ায় কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। এই বিদ্যালয় থেকে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছরে জেএসসি পরীক্ষায় ২২ জন ছাত্রী অংশ নেয়। এদের মধ্যে মাত্র ছয়জন পাস করে। ২০১০ ও ২০১২ সালে কোনো ছাত্রী পাস করেনি।
১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ছয়জন এবং অষ্টম শ্রেণিতে একজন ছাত্রী উপস্থিত রয়েছে। সপ্তম শ্রেণিতে কোনো ছাত্রী নেই। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বাইরে বসে গল্প করছেন। বিদ্যালয়ের মাঠে গরু-ছাগল বিচরণ করছে। বিদ্যালয়ের মাঠে আশরাফুল হক নামের এক ব্যক্তির ঘরবাড়ি, খড়ের গাদা, বালুর ঢিবি, গোবরের ঘুঁটে, খড়ি, পুকুর ও ইউক্যালিপটাসগাছ রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির হার ও উপস্থিতি আগের চেয়ে বেড়েছে।’ বিদ্যালয় চত্বরে ২৭ ফেব্রুয়ারি থেকে কালমাটি গ্রামের আশরাফুল হক ঘরবাড়ি করে বসবাস করছেন—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৩১ মে লালমনিরহাট সদর থানায় এ ব্যাপারে অভিযোগ করেছি।’
আশরাফুল হক দাবি করেন, বিদ্যালয়ের জমি যেখানে ছিল, সেখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়নি। বিদ্যালয়ের মাঠটি তাঁদের পৈতৃক সম্পত্তি, তাই তাঁরা বাড়িঘর করে বসবাস করছেন।