এমপিওভুক্ত একটি 'পারিবারিক' কলেজ
রংপুর নগরের চকইসবপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯ বছর ধরে মাহবুবা বেগম অধ্যক্ষ এবং তাঁর স্বামী পরিচালনা পর্ষদের সভাপতি। কলেজের ৩১ জন শিক্ষকের মধ্যে ১০ জনই সভাপতির ভাই, ভাইয়ের স্ত্রী, বোনসহ নিকটাত্মীয়। এ ছাড়া কলেজের সাতজন কর্মচারী রয়েছেন নিকটাত্মীয়।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে স্থাপিত ও ১৯৯৯ সালে এমপিওভুক্ত এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদিন সরকার। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত ও শৃঙ্খলা বিভাগের উপপরিচালক। তাঁর স্ত্রী কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ। কলেজের শিক্ষার্থী ৩০০ জন।
পরিচালনা পর্ষদ কলেজের চারজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে গত শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রেখেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা অভিযোগ করেন, সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষকেরা একই পরিবারের হওয়ায় দীর্ঘদিন থেকে কলেজের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয় না। এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করার কারণে অধ্যক্ষ শিক্ষক হাসেম মিয়া, শামছুজ্জামান, মোস্তাক হোসেনসহ চারজন শিক্ষককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
কলেজের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকের অভিযোগ, সভাপতির স্ত্রী মাহবুবা বেগম অধ্যক্ষ, ভাগিনা রজব আলী উপাধ্যক্ষ, বোন জাহানারা বানু শিক্ষক, ভাই শফিউল আলম সহকারী লাইব্রেরিয়ান ও তাঁর স্ত্রী তাহমিনা বেগম শিক্ষক, ভাই জান্নাতুল ইসলাম ও তাঁর স্ত্রী মমতাজ জাকিয়া নেওয়াজ শিক্ষক, ভাই লুৎফর রহমান ও তাঁর স্ত্রী তানজিনা খন্দকার শিক্ষক। এ ছাড়া সভাপতির মামাতো ভাই আবুল হোসেন, চাচাতো ভাই শহিদুল ইসলামও কলেজের শিক্ষক।
সভাপতি দাবি করেন, তাঁর স্ত্রী, ভাইবোনসহ নিকটাত্মীরা যোগ্যতার ভিত্তিতেই কলেজে চাকরি পেয়েছেন।’
জাতীয় বিশ্ববিদ্যালয় আইনে ২০১০ (২০১৩ সালে সংশোধিত) বেসরকারি কলেজে সভাপতি নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, স্থানীয় সাংসদ যেকোনো ব্যক্তিকে সভাপতি পদে মনোনয়ন করতে পারবেন। এ ব্যাপারে স্থানীয় সাংসদ রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমানকে এই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি করার জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দেওয়া হয়েছিল। মশিউর রহমান বলেন, ‘সাংসদ আমাকে সভাপতি করার জন্য এ বছর এপ্রিল মাসে ডিও লেটার প্রদান করেন। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, একই কলেজে বিধি অনুযায়ী স্বামী-স্ত্রী সভাপতি-অধ্যক্ষ থাকতে পারেন না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।