এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-চিলমারী সড়কে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন অনার্স ও মাস্টার্সের শিক্ষকেরা। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি যাবের ইবনে হুদা সাগর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষক আক্তারুজ্জামান পলাশ, তপতী রায়, মিনা বেগম, নুরে খাতুন, আতাউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বেসরকারি কলেজে অনার্স, মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন। এমপিওভুক্ত বেসরকারি কলেজে অন্য শিক্ষকদের মতো নিয়োগপ্রাপ্ত হয়েও জনবল কাঠামো না থাকায় ২৪ বছর ধরে তাঁরা কলেজ থেকে নামমাত্র বেতন পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেসরকারি কলেজে অনার্স, মাস্টার্স কোর্সের সব শিক্ষককে এমপিওভুক্তির বিষয়টি বাস্তবায়নের অনুরোধ জানান।
নীলফামারী: দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করেন শিক্ষকেরা। সেখানে এক ঘণ্টার মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দেবনাথ। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি গোলাম মোস্তফা, মহিলাবিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন, দপ্তর সম্পাদক সাজেদুল হক প্রমুখ। বক্তারা বলেন, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবি করছিলেন। জনবল কাঠামো না থাকায় ২৪ বছরেও তাঁরা এমপিওভুক্ত হতে পারছেন না। ফলে ওই সব শিক্ষক মানবেতর জীবন কাটাচ্ছেন।
বিরামপুর (দিনাজপুর): ওই শিক্ষকেরা দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বেলা ১১টায় ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি মো. মেহেরাব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক মো. হবিবর রহমান। এ সময় বক্তারা বলেন, বর্তমানে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে কোনো জনবল কাঠামো না থাকায় শিক্ষকদের এমপিওভুক্তি করা হয় না। ফলে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক নামমাত্র বেতন পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।