এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা খাতে ঘাটতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা খাতে প্রতি মাসেই ঘাটতি বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে আগামী অর্থবছরে অর্থ বরাদ্দের প্রস্তাব থাকায় অবস্থার পরিবর্তন হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন। আজ সোমবার জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য ইয়াসিন আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীর এমপিও থেকে কর্তন করা ৪ শতাংশ হারে চাঁদার ওপর ভিত্তি করে অবসর-সুবিধা দেওয়া হচ্ছে। ১৯৮০ সাল থেকে অবসর ভাতা দেওয়া হলেও এ খাতের জন্য ২০০৫ সাল থেকে অর্থ কর্তন করা হচ্ছে। বর্তমান মাসিক চাঁদা ৪ শতাংশ হারে মাসে আয় হয় ১৭ কোটি টাকা। আর অবসর-সুবিধার জমা দেওয়া আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন মাসিক প্রায় ৩৬ কোটি টাকা। এ কারণে প্রতি মাসেই ঘাটতি পুঞ্জীভূত হচ্ছে।
অতীতে শিক্ষকদের অবসর ও কল্যাণসুবিধার আবেদন নিষ্পত্তিতে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে এ বিষয়টিকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর পুঞ্জীভূত এসব আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে আবেদন দাখিলের তারিখের ক্রমানুসারে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে। অবসর-সুবিধা বোর্ডে বর্তমানে অনিষ্পন্ন ৪২ হাজার ৩৮০টি আবেদন নিষ্পত্তি করার জন্য ঘাটতি বাবদ প্রায় ১ হাজার ৯৬১ কোটি ৮ লাখ ৮৮ হাজার টাকা প্রয়োজন। আর কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন প্রায় ২৮ হাজার আবেদন নিষ্পত্তি করার জন্য বর্তমান ঘাটতি বাবদ প্রায় ৪৮৫ কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য বছরে ৬০০ কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে এককালীন ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ অথবা প্রতি বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।