এমপিওভুক্ত হতে বাধা প্রজ্ঞাপন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন নন এমপিওভুক্ত শিক্ষকেরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। শিক্ষকনেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বেলা ১১টায় শুরু হওয়া অনশন কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন।
কর্মসূচিতে নন এমপিও শিক্ষক ঐক্যপরিষদের সভাপতি প্রদীপ চন্দ রায় বলেন, ‘এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কাজ করেও যদি টাকা না পাই, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে! আমার সহকর্মী টাকা পায়, আর আমি পাই না। এটা কি মেনে নেওয়ার মতো। আমাদের কি পরিবার পরিজন নেই?’ তিনি বলেন, রংপুরের কেরানির হাট স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন শিক্ষক বেতন পান, আর চারজন পান না। এমন উদাহরণ বিভিন্ন স্কুল, কলেজ আর মাদ্রাসায় প্রযোজ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করলে প্রায় ১৫ হাজার শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। প্রধানমন্ত্রীর প্রতি আবেদন, এই প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষকদের বাঁচানোর ব্যবস্থা করুন।