প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতা খাতে প্রতি মাসেই ঘাটতি বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে আগামী অর্থবছরে অর্থ বরাদ্দের প্রস্তাব থাকায় অবস্থার পরিবর্তন হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন। গতকাল সোমবার জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য ইয়াসিন আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীর এমপিও থেকে কর্তন করা ৪ শতাংশ হারে চাঁদার ওপর ভিত্তি করে অবসরসুবিধা দেওয়া হচ্ছে। ১৯৮০ সাল থেকে অবসর ভাতা দেওয়া হলেও এ খাতের জন্য ২০০৫ সাল থেকে অর্থ কর্তন করা হচ্ছে। বর্তমান মাসিক চাঁদা ৪ শতাংশ হারে মাসে আয় হয় ১৭ কোটি টাকা এবং অবসরসুবিধার জমা আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন মাসে প্রায় ৩৬ কোটি টাকা। ফলে প্রতি মাসেই ঘাটতি পুঞ্জীভূত হচ্ছে।
অতীতে শিক্ষকদের অবসর এবং কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তিতে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে এ বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য বছরে ৬০০ কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে এককালীন ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ অথবা প্রতি বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।