অবসর ও কল্যাণ-সুবিধার জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে এত দিন প্রতি মাসে মূল বেতনের যে অংশ কেটে রাখা হতো, তার হার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী অবসরের জন্য মূল বেতনের ৬ শতাংশ ও কল্যাণ-সুবিধার জন্য ৪ শতাংশ টাকা কেটে রাখা হবে। বর্তমানে প্রতি মাসে অবসরের জন্য একেকজন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৪ শতাংশ ও কল্যাণ-সুবিধার জন্য ২ শতাংশ টাকা কেটে রাখা হয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ-সুবিধা বোর্ডের সূত্রমতে, কল্যাণ-সুবিধার জন্য বর্ধিত হারে টাকা কাটার বিষয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে। অবসর-সুবিধার জন্য প্রজ্ঞাপন জারির বিষয়টিও প্রক্রিয়াধীন।
সারা দেশে বর্তমানে এমপিওভুক্ত (সরকার থেকে মূল বেতনের শতভাগ পান) শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ। অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য এখন তাঁদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। জীবনের শেষ প্রান্তে এসে নিজের প্রাপ্য টাকা পেতে দ্বারে দ্বারে ঘুরতে হয়। এখন শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদার হার বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে চাইছে অবসর ও কল্যাণ বোর্ড। তবে সরকারের পক্ষ থেকেও বড় অঙ্কের থোক বরাদ্দ দেওয়া হয়েছে।
টাকা কেটে নেওয়ার হার বাড়ানোর সিদ্ধান্ত বোর্ডে হয়েছে জানিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর-সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বর্তমানে অবসর-সুবিধার জন্য শিক্ষকদের কাছ থেকে ৪ শতাংশ হারে প্রতি মাসে প্রায় ৩৫ কোটি টাকা আয় হয়। কিন্তু অবসর-সুবিধার টাকা দেওয়ার জন্য প্রতি মাসে খরচ হয় প্রায় ৭২ কোটি টাকা। এখন ৬ শতাংশ হারে টাকা কেটে রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি হলে প্রতি মাসে এ বাবদ আয় হবে ৫০ থেকে ৫২ কোটি টাকা। এ ছাড়া সরকারের কাছ থেকে পাওয়া টাকা ও ওই সব টাকার ব্যাংক সুদ মিলিয়ে অবসর-সুবিধা দেওয়ার ক্ষেত্রে সমস্যা প্রায় কেটে যাবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ-সুবিধা বোর্ডের সদস্যসচিব শাহজাহান আলম প্রথম আলোকে বলেন, বর্তমানে ২ শতাংশ হারে প্রতি মাসে কল্যাণ বাবদ আয় হয় ১৭ কোটি টাকা। নতুন হারে টাকা কেটে রাখলে এই টাকা হবে মাসে ৩৪ কোটি টাকা। এ ছাড়া সরকারি বরাদ্দ মিলিয়ে নিয়মিতভাবে কল্যাণ-সুবিধা দেওয়া সম্ভব হবে।