এমপিওভুক্তি ও ইনডেক্স ঘোষণার দাবিতে মানববন্ধন
এমপিওভুক্তি ও ইনডেক্স ঘোষণার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।সংগঠনের নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রধান সড়কে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নোয়াখালী জেলা শাখার সভাপতি কাজী নুরুল হক, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, নোয়াখালী পাবলিক কলেজের শিক্ষক জিল্লুর রহমান, মাওলানা রুহুল আমিন, ইব্রাহীম খলিল, নূরজাহান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিমসহ বিভিন্ন নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।বক্তারা বলেন, দেশে প্রায় এক লাখ ২০ হাজার ৮০০ নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে শিক্ষাদান করে আসছেন। সরকার বিভিন্ন সময়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে বলে আশ্বাস দিলেও অদ্যাবধি এর কোনো সুরাহা হয়নি।আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে ১১ সেপ্টেম্বর থেকে সব নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বক্তারা জানান।