এমপিওভুক্তি শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, অতিমাত্রায় এমপিওভুক্তি শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই মত দেন।
সাংসদ আবদুল মতিন খসরুর এ-সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নে প্রতিটি উপজেলার তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান। জবাবে আবদুল মুহিত বলেন, ‘এমপিও সিস্টেম প্রবর্তিত হওয়ার পর শিক্ষার মান ব্যাপকভাবে সাফার করেছে। এ নিয়ে ইতিবাচক কোনো কথা বলতে পারছি না।’
ফজলে রাব্বী মিয়া সম্পূরক প্রশ্নে এমপিওভুক্ত করার দাবি জানালে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো উত্তর দিতে আমি প্রস্তুত নই। তবে সংসদ সদস্যেদের আগ্রহ উপলব্ধি করার চেষ্টা করছি। যেকোনোভাবে বিবেচনা করতে হবে। তবে ফলাফল কী হবে তা জানি না।’
জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অনেক প্রকল্প আছে, যেখানে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়। সেখানে খরচ কমিয়ে শিক্ষকদের জন্য তা কাজে লাগানো যেতে পারে। এমপিওভুক্ত করতে টাকা ছাড় না দেওয়ায় সাংসদ এ বি এম আবুল কাসেম অর্থমন্ত্রীকে কৃপণ বলে মন্তব্য করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কীভাবে উত্তর দেব, তা চিন্তা করতে পারছি না। তবে আমি মোটেই কৃপণ না। এটা আমার পয়সা না, মানুষের টাকা। মানুষের সেবায়ই টাকা ব্যয় হবে।’
সরকারি দলের মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ডাটাবেজে টিআইএনধারী করদাতার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৩২১ জন। এর মধ্যে নতুন করদাতা ৯৬ হাজার ২৪৮ জন।
এ বি এম আবুল কাসেমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত শিপ ক্রেকিং থেকে ২০১২-১৩ অর্থবছরে ৫৬ কোটি ৪৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে।
জাতীয় পার্টির নাসরিন জাহানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন করপোরেশনের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা টাকার পরিমাণ ৯ হাজার ২২৫ কোটি। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে দুই হাজার ৩১৫ কোটি ৬১ লাখ, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের কাছে ৫৩৭ কোটি ৮৯ লাখ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের কাছে ১৪৪ কোটি ৮৭ লাখ এবং বাংলাদেশ সুগার এবং ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে বিভিন্ন ব্যাংকের দুই হাজার ৫০২ কোটি ৯৮ লাখ টাকা পাওয়া রয়েছে। এসব পাওনা আদায়ে কোনো ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।
সাংসদ পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে ঋণখেলাপির সংখ্যা এক লাখ ৫২ হাজার ৭২৩ জন।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।