এমপিওভুক্তির জন্য অর্থমন্ত্রীর কাছে যাবে সংসদীয় কমিটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন করে এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে অর্থমন্ত্রীর সহায়তা চাইবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য কমিটির সদস্যরা শিগগিরই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদায়ন করার পর তিন বছরের বেশি সময় সেখানে না রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া চাকরিজীবনে অনধিক তিনবার তবে সর্বমোট ছয় বছরের বেশি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত না থাকার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল নতুন করে এমপিওভুক্তি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। পরে কমিটি অর্থ সংস্থানে অর্থমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে কমিটির সভাপতি আফছারুল আমিন প্রথম আলোকে বলেন, এমপিওভুক্তি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। তাঁরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তাঁরা বলেছেন, বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে। তারপরও সংকট আছে। তাই এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য স্থায়ী কমিটির সদস্যরা শিগগিরই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন।
বৈঠক সূত্র জানায়, সংসদীয় কমিটির সদস্যরা প্রায় এক বছর আগে নতুন ভবন নির্মাণের জন্য ছয়টি মাদ্রাসাসহ ২৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিলেন। এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তাঁরা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন।
বৈঠকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং কারিগরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) বাস্তবায়নের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ মো. আবদুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বৈঠকে উপস্থিত ছিলেন।