এমপিওভুক্তির জন্য চিঠি দেবে সংসদীয় কমিটি
বেসরকারি কলেজের প্রায় ১০ হাজার শিক্ষককে এমপিওভুক্তির আওতায় আনতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এই ১০ হাজার শিক্ষক বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের। এই সব শিক্ষককে এমপিওভুক্তির নীতিমালার আওতার বাইরে রাখা হয়েছে।
সংসদ সচিবালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে কমিটি ৬৪টি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ডিসেম্বর মাস থেকে ‘মা সমাবেশ’ আয়োজন করার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আব্দুল কুদ্দুস, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।