এমপিওভুক্তির জন্য টাকা দিয়ে প্রতারিত হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছতা ও নিয়মনীতির বাইরে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। তাই এ জন্য কাউকে টাকা দিয়ে কোনো লাভ নেই।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এমপিওর জন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। অর্থ লেনদেনে কর্মকর্তা-কর্মচারীসহ যে-কেউ সংশ্লিষ্ট থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ব্রিফিংয়ে জানান।শিক্ষামন্ত্রী বলেন, বিগত জোট সরকার ২০০৪ সাল থেকে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্তি বন্ধ রাখায় বর্তমানে বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এ খাতে জাতীয় বাজেটে বরাদ্দ আছে ১১২ কোটি টাকা। এই টাকায় যত শিক্ষাপ্রতিষ্ঠান সম্ভব এমপিওভুক্ত করা হবে। প্রতিবছরের বাজেটে এ খাতে আলাদা বরাদ্দ রাখার চেষ্টা করা হবে বলেও মন্ত্রী জানান। এক সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, এ সংক্রান্ত বাছাই কমিটি স্বচ্ছতার সঙ্গে, নীতিমালা অনুসরণ করে এবং প্রাপ্যতা বিবেচনা করে কাজ করছে। তিনি এমপিও-প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে টাকাপয়সা লেনদেন করে প্রতারিত না হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, জোট সরকারের মেয়াদে এমপিওভুক্তির ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও এমপিওভুক্তির ক্ষেত্রে ভারসাম্য নষ্ট হয়েছে। নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে ভারসাম্য রক্ষার বিষয়টিও বিবেচনা করা হবে। ব্রিফিংয়ে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।