এমপিওভুক্তির জন্য শিক্ষক-কর্মচারীদের আন্দোলন ন্যায়সংগত ও যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনশনের ১৩তম দিনে কান্নায় ভেঙে পড়েন। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা, ঢাকা, ৭ জুলাই। ছবি: হাসান রাজা
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনশনের ১৩তম দিনে কান্নায় ভেঙে পড়েন। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা, ঢাকা, ৭ জুলাই। ছবি: হাসান রাজা

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য শিক্ষক-কর্মচারীরা যে আন্দোলন করছেন, তা ন্যায়সংগত ও যৌক্তিক। তাই এই দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা শিক্ষাবার্তার উদ্যোগে আজ শনিবার বিকেলে পুরানা পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত হয় ‘শিক্ষার দায়দায়িত্ব সরকারকে নিতে হবে: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা প্রসঙ্গে’ শীর্ষক এ আলোচনা সভা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এমপিওভুক্ত না করা স্ববিরোধী বলে মনে করেন সাবেক সচিব মোশতাক আহমেদ।

মূল প্রবন্ধে শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা বলেন, ১৮ থেকে ২০ বছর আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েও বিনা বেতনে শিক্ষাদানপ্রক্রিয়া চালিয়ে আসছে, তাদের মাসিক বেতন প্রাপ্তির আওতায় না আনা হবে চরম শোষকের কর্ম।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা তনুজ কান্তি দে বলেন, পেট খালি রেখে শিক্ষাদানও হয় না, গ্রহণও হয় না। স্বীকৃতি দেওয়ামাত্রই এমপিওভুক্ত করা বাধ্যতামূলক করতে হবে।

শিক্ষাবিদ সফিউদ্দিন আহমেদ ও তাইবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিকিৎসক ফজলুর রহমান, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা রাজেকুজ্জামান রতন, আন্দোলনরত শিক্ষক শরীফুজ্জামান আগা খান প্রমুখ।

আলোচনা সভা থেকে জানানো হয়, জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে আগামী সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।

এদিকে পুরোনো নিয়মে স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শনিবার ১৩তম দিনের মতো আমরণ অনশন করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে গত ২৫ জুন থেকে তাঁরা এই কর্মসূচি পালন করে আসছেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী প্রথম আলোকে বলেন, অনশনে একাধিক শিক্ষক পাতলা পায়খানা ও জ্বরে ভুগছেন।

দুপুরে অনশনস্থলে গিয়ে শিক্ষকদের প্রতি সংহতি জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি শিক্ষকদের যৌক্তিক দাবিকে সমর্থন করেন।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মূল বেতনসহ কিছু ভাতা পান) করা হয়েছিল। বর্তমানে স্বীকৃতি পাওয়া নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি।