এমপিওভুক্তির জন্য স্বাক্ষর জাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জাল করে ‘প্রধান শিক্ষক’ পদের এমপিওভুক্তির আবেদনের অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের আচারগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এই অভিযোগ তুলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তবে আবু বক্কর এ ধরনের আবেদন করার কথা অস্বীকার করেছেন।
বিদ্যালয় সূত্র জানায়, আবু বক্কর ২০১২ সালের ৪ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভুঁইয়া জানান, ১ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কথা উল্লেখ করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. শফিউল্লাহ তাঁর কাছে ফোন করেন। শফিউল্লাহ জানতে চান, আচারগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে কি না। তিনি (আজাদুর) খোঁজ নিয়ে জানতে পারেন, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কোনো নিয়োগ হয়নি। ওই শিক্ষকের বিরুদ্ধে মাউশিতে এমপিওভুক্তির ভুয়া আবেদন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এ পরিপ্রেক্ষিতে আবু বক্করকে ২ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ পাঠায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। ৯ সেপ্টেম্বরে এমপিওর আবেদন করার অভিযোগ অস্বীকার করে নোটিশের জবাব পাঠান ওই শিক্ষক।
এ বিষয়ে মো. শফিউল্লাহ বলেন, মাউশির সংশ্লিষ্ট শাখায় এমপিওর আবেদনটি যাচাই করার সময় নিয়োগ-সংশ্লিষ্ট প্রতিনিধিদের স্বাক্ষর জাল করার বিষয়টি ধরা পড়ে। পরে মাউশি থেকে তাঁকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়। এ ব্যাপারে জানতে চাইলে মো. আজাদুর রহমান ভূঁইয়া তাঁকে (শফিউল্লাহ) বলেন, যেকোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হলে তাঁর কার্যালয় জানার কথা। কিন্তু মাউশিতে এমপিওর আবেদন পেশ করা হলেও তাঁর কার্যালয় এ বিষয়ে কিছুই জানে না। জালিয়াতি না হলে এমনটি হওয়ার কথা নয়।
আবু বক্কর দাবি করেন, সংশ্লিষ্ট কার্যালয় মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর সমঞ্চান নষ্ট করেছে। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।