এমপিওভুক্তির তালিকা হলেও বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করলেও অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।কে এম খালিদ ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে বসে আছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘শুধু এমপিওভুক্তি করলেই তো হবে না। পরের বছর থেকে তাদের নিয়মিত বেতন দিয়ে যেতে হবে। তাই আমাদের ইচ্ছার ওপর নয়, অর্থের ওপরই সব নির্ভর করছে।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভুক্তির বিষয়ে এ সরকারের সদিচ্ছা রয়েছে। কিন্তু জোট সরকারের শেষ কয়েক বছরসহ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এমপিওভুক্তি বন্ধ থাকায় ইতিমধ্যে সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জট তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটি নির্বাচনী এলাকা থেকে তিনটির বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সরকারের পক্ষে সম্ভব নয়।প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে পিএসসি ব্যবস্থা নিচ্ছে না: সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। প্রশ্নোত্তর পর্বে এ অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এ সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশেই প্রধান শিক্ষকের সংকট রয়েছে। এসব পদে নিয়োগ দেওয়ার দায়িত্ব পিএসসির। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু পিএসসি এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষামন্ত্রী জানান, বিদ্যমান শিক্ষক নিয়োগের পদ্ধতি সঠিক নয়। বর্তমানে শিক্ষক নিয়োগের কর্তৃপক্ষ হচ্ছে স্কুলের পরিচালনা পর্ষদ। অধিকাংশ পরিচালনা পর্ষদই নিয়োগের ক্ষেত্রে নানা অসাধু পন্থা অবলম্বন করে। যে কারণে যোগ্য ও দক্ষ শিক্ষক পাওয়া যাচ্ছে না। শিক্ষক নিয়োগের জন্য শিগগিরই একটি কমিশন গঠন করা হবে।