এমপিওভুক্তির দাবি জানাতে শিক্ষামন্ত্রীর পা ধরলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যাত্রাপথে শুয়ে এমপিওভুক্তির (বেতন-ভাতার মাসিক সরকারি অংশ) দাবি জানালেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছুসংখ্যক শিক্ষক-কর্মচারী। এ সময় এক শিক্ষক তাঁর পা ধরেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

যশোর উপশহর ক্রীড়া উদ্যানে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী শেষে যশোর সার্কিট হাউসে ফিরছিলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর যশোরে আসার খবর জানতে পেরে ওই এলাকার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই হাজার শিক্ষক-কর্মচারী সকাল সাড়ে নয়টার দিকে সার্কিট হাউসের কাছে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। এর আগে সকাল নয়টায় শিক্ষামন্ত্রী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বের হন। দুপুর পৌনে ১২টার দিকে মন্ত্রীর ফিরতি গাড়িবহর প্রেসক্লাবের সামনে পৌঁছালে শিক্ষকেরা মানববন্ধন ছেড়ে সড়কের ওপর অবস্থান নেন। তখন গাড়ি থেকে নামেন শিক্ষামন্ত্রী। এ সময় একজন নারী শিক্ষক ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মন্ত্রীর পা জাপটে ধরে কান্নাকাটি শুরু করেন।

তখন শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হওয়া সাপেক্ষে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।