এমপিওভুক্তির দাবি জানালেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স কোর্সে নিয়োগ করা শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি।
সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির (বাকশিস) রাজশাহী জেলার সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, রাজশাহী মহানগর সভাপতি রইসউদ্দিন, শিক্ষক নেতা মিজানুর রহমান, আলতাফ হোসেন, গোলাম ফারুক, আবদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, এই শিক্ষকেরা দীর্ঘ ২১ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা বলেন, বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষার ব্যয় অনেক বেশি। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করেন। তাঁদের ৪ হাজার থেকে ১০ হাজার টাকা ভর্তি ফি এবং ৩০০ থেকে ৫০০ টাকা মাসিক বেতন দিতে হয়। অথচ কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের মাত্র আড়াই হাজার থেকে সাত হাজার টাকা বেতন দেয়।
শিক্ষক নেতারা বলেন, সরকার শিক্ষার্থীদের বেতনের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে সেখান থেকে তাঁদের বেতন দিলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ খরচ হবে না।